Advertisement
E-Paper

ঢেউখেলানো চুলে ‘স্টেপ কাট’ খুবই একঘেয়ে, ভোল বদলে কোন ছাঁট বেছে নিতে পারেন?

ঢেউ খেলানো চুল মানেই চেনা স্টেপকাট। তবে সময়ের সঙ্গে বদলেছে কেশসজ্জা। বদলেছে চুলের ছাঁটও। ঢেউখেলানো, মাঝারি চুলের জন্য মানানসই হবে কোন ছাঁট?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৯:৫৬
ঢেউখেলানো চুলে, কেমন বাহার আনবেন?  চুল কাটার আগে আধুনিক ছাঁট জেনে নিন।

ঢেউখেলানো চুলে, কেমন বাহার আনবেন? চুল কাটার আগে আধুনিক ছাঁট জেনে নিন। ছবি: ইনস্টাগ্রাম।

স্টেপ, লেয়ার, বব কাটের এক সময় ছিল রমরমা। সময়ের সঙ্গে সঙ্গে কেশসজ্জায় বদল এসেছে। কিছু পুরনো ছাঁটই হারিয়ে গিয়েছে। কিছু ফিরেছে নতুন আঙ্গিকে, নতুন নামে। পরিপাট্যের বদলে অগোছালো, আলগা চটকেই মন মজেছে নতুন প্রজন্মের নারীদের। আপনিও কি সেই পথের পথিক হয়ে চুলের ছাঁট বদলাতে চান? বদলে ফেলতে চান চেনা রূপ? ঢেউ খেলানো তবে কোঁকড়ানো নয়, এমন চুলের জন্য বেছে নিতে পারেন তিন ছাঁট।

দ্য শাগ

 দীপিকা পাড়ুুকোনের  চুলের সঙ্গে মিল রয়েছে দ্য শাগের।

দীপিকা পাড়ুুকোনের চুলের সঙ্গে মিল রয়েছে দ্য শাগের। ছবি: সংগৃহীত।

ঢেউখেলানো চুল সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে শাগের মতো চুলের ছাঁট। কেশের এমন সজ্জা অবশ্য একেবারে নতুন নয়। বরং সত্তর দশকের জনপ্রিয় চুলের ছাঁট ফিরে এসেছে নতুন রূপে। অগোছালো কিন্তু কেতাদুরস্ত— এই কেশসজ্জার মূল কথা। চুলের উপরের স্তরটি সবচেয়ে ছোট হয়। অনেকগুলি পরত থাকে। ধাপে ধাপে দৈর্ঘ্য বাড়ে। যে হেতু চুল খানিক অগোছালো দেখায়, তাই ঢেউ খেলানো চুলে এই সজ্জা মানানসই লাগে। যে হেতু পরতে পরতে চুল থাকে, তাই চুল তুলামূলক ঘন দেখায়। চওড়া, গোল বা লম্বাটে যে কোনও মুখেই এই ধরনের ছাঁট মানিয়ে যায়।

কলারবোন কাট

কলারবোন ছুঁয়ে থাকে চুলের দৈর্ঘ্য। করিনা কপূর।

কলারবোন ছুঁয়ে থাকে চুলের দৈর্ঘ্য। করিনা কপূর। ছবি:সংগৃহীত।

গরমের দিনের জন্য বা লম্বা চুল যাঁরা রাখতে চাইছেন না আবার বব কাটও চান না তাঁদের জন্য এই ছাঁটটি ভাল। এমন ধরনের চুলের ছাঁটের বৈশিষ্ট্যই হল চুলের শেষপ্রান্ত কলারবোন স্পর্শ করবে। চুলের পিছনের অংশ ছোট হতে পারে, তার দুই প্রান্ত কলারবোন স্পর্শ করতে পারে। এই ধরনের ছাঁটে পরত তৈরি করা যায়, চুল ঘন দেখানোর জন্য। সোজা এবং ঢেউ খেলানো দুই ধরনের চুলের উপযোগী হতে পারে ছাঁটটি।

সফট কার্টেন ফ্রিঞ্জ

জাহ্নবী কপূরের চুলের ছাঁটের সঙ্গে মিল পাবেন সফট কার্টেন ফ্রিঞ্জের।

জাহ্নবী কপূরের চুলের ছাঁটের সঙ্গে মিল পাবেন সফট কার্টেন ফ্রিঞ্জের। ছবি: সংগৃহীত।

এই ধরনের চুলের ছাঁটও বর্তমানে জনপ্রিয়। মাঝখানে সিঁথি, চুল থাকে দুই পাশে পর্দার মতো। চোখের উপর, গালে এসে পড়ে চুলের পরতগুলি। ধরা পড়ে আলগা চটক। লেয়ার বা পরতগুলি সোজা করে কাটা হয় না বরং নির্দিষ্ট কোণে তা কাটা হয় বলে নাটকীয়তা তৈরি হয়। ছোট, মাঝারি যে কোনও দৈর্ঘ্যের চুলেই এই ছাঁটটি মানানসই। সাবেক সাজ, পশ্চিমী সাজপোশাকের সঙ্গেও মানিয়ে যায় এমন কেশসজ্জা। যে কোনও ধাঁচের মুখেই এই ধরনের চুল মানিয়ে যায়।

Modern Hair Cut Wavy Hair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy