অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া একজন চিকিৎসক। পাশাপাশি, কসমেটোলজি নিয়েও ডিগ্রি রয়েছে তাঁর। সৌন্দর্য বৃদ্ধি সংক্রান্ত ক্লিনিকও আছে তাঁর। ৭০ বছর পার করেও সুন্দর চুল ধরে রাখতে পেরেছেন মধু।
তিনিই এ বার শেখালেন চুল ভাল রাখার পন্থা। কোনও রাসায়নিকের ব্যবহার নয়, বরং ঘরোয়া ৫ উপকরণই এ জন্য বেছে নিয়েছেন তিনি। তাঁর কথায়, চুলের যত্ন একদিনে হয় না। সুন্দর চুল ধারাবাহিক পরিচর্যারই ফল।
কী মাখতে বলছেন?
নারকেল তেল, মেথি, রোজ়মেরি, চালের জল এবং চিয়া বীজ— এই পাঁচটি উপকরণ বেছে নিয়েছেন মধু। ফ্যাটি অ্যাসিড এবং খনিজে সমৃদ্ধ নারকেল তেল চুল মসৃণ রাখে। মেথি ব্যবহার করা হয় চুল ঝরা বন্ধ করার জন্য। এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান, ফলে মাথার ত্বকের সাধারণ সংক্রমণ প্রতিরোধে তা সহায়ক। চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য চালের জলের ব্যবহার বেশ পুরনো। চালে থাকা স্টার্চ চুল মসৃণ এবং জটমুক্ত রাখতে সাহায্য করে। চিয়াবীজেও রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।
মধু বলছেন, প্রতিটি উপকরণ ১ টেবিল চামচ করে নিয়ে মিহি করে মিক্সারে ঘুরিয়ে নিতে হবে। তার পরে সেটি স্পা ক্রিম লাগানোর মতো মাথার ত্বক ও চুলে মেখে, হালকা মাসাজ় করতে হবে। শেষে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে। মধুর কথায়, ‘‘প্রতি সপ্তাহে এই মাস্ক ব্যবহার করলে মাথা ভরা চুল থাকবে’’।
তবে একটি মাস্কই যে চুলের ভোল পুরোপুরি বদলে দিতে পারবে এমনটা নয়। বলিউড এবং হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কার মা বিশ্বাস করেন, সুন্দর চুল নিয়মিত পরিচর্যাতেই মেলে। ফলে প্রতি দিনই চুলের জন্য প্রাথমিক যত্নটুকু জরুরি।