সারা দিনের ব্যস্ততায় রূপচর্চা করার সময় কোথায়! ঘুম ভেঙে উঠে সেই যে রোজের যুদ্ধ শুরু হয়েছে, বিশ্রাম একেবারে রাতে। প্রতি দিনের এই ছুটে চলায় সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে ত্বক ও চুল। দিনভর ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠছে চোখে-মুখে। সারা দিন যদি ত্বকের পরিচর্যা না-ও করেন, রাতে বাড়ি ফিরে ত্বকের যত্ন নিতেই হয়। রাস্তার ধুলো, ময়লা, মেকআপ মুছে ফেললে ত্বকেরও খানিক স্বস্তি হয়। এতে ত্বকের জেল্লাও বাড়ে।
রাতে কী ভাবে ত্বকের পরিচর্যা করবেন?
ক্লিনজ়িং
বাইরে যান বা ঘরেই থাকুন, সারা দিন ত্বকে অনেক ধুলো-ময়লা জমে। নিয়মিত মুখ পরিষ্কার না করলে ত্বক জেল্লা হারাবে। ব্রণ, ফুসকুরি দেখা দেবে। তাই নিয়মিত মৃদু কোনও ফেসওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন।
ফেসপ্যাক
যদি সময় থাকে তা হলে ঘুমোনোর আগে ফেসপ্যাক লাগিয়ে নিতে পারেন। গোলাপ জল এবং মুলতানি মাটি (স্বাভাবিক এবং তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে) কিংবা টক দই, মধু এবং পাকা কলা (শুষ্ক ত্বকের ক্ষেত্রে) একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এই প্যাক লাগাতে পারেন।
আরও পড়ুন:
টোনার
ত্বকে নিয়মিত টোনার ব্যবহার করলে দেখবেন ব্রণ, ফুসকুড়ি, র্যাশের সমস্যা দূর হবে। ত্বকের ধরন অনুযায়ী টোনার বাছুন। তৈলাক্ত ত্বকে নিম, তুলসী, টি-ট্রি অয়েল, গ্রিন টি সমৃদ্ধ টোনার খুব ভাল কাজ করে।
ময়েশ্চারাইজ়ার
ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে, মুখ ভিজে থাকা অবস্থাতেই ত্বকে অল্প ময়েশ্চারাইজ়ার লাগান। ১৫-২০ মিনিট রেখে তুলো দিয়ে আলতো করে মুছে নিন। মুখের পাশাপাশি গলায় এবং ঘাড়েও ময়েশ্চারাইজ়ার লাগান। হাত, পায়ের পাতা, হাঁটু, কনুইতে ময়েশ্চারাইজ়ার লাগাতে যেন ভুলবেন না।