Advertisement
E-Paper

ইটালিয়ান মহিলাদের নজরকাড়া চুলের জাদু লুকিয়ে এক বিশেষ কৌশলে, চার ধাপেই লুকিয়ে রহস্য

কোরিয়ান কায়দায় রূপচর্চা নিয়ে হইচই সমাজমাধ্যমে। ইটালিয়ান কেশচর্চার পদ্ধতি নিয়েও তেমনই আগ্রহ বাড়ছে। ঘন কেশের গোপন কথাটি কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৫:৪২
চুলের যত্ন কী ভাবে নেন মনিকা বেলুচ্চির  মতো তারকারা?

চুলের যত্ন কী ভাবে নেন মনিকা বেলুচ্চির মতো তারকারা? ছবি:সংগৃহীত।

সান্দ্রো বত্তিচেল্লির অন্যতম সেরা শিল্পকর্ম ‘দ্য বার্থ অফ ভেনাস’-এর সুবর্ণকেশ থেকে অভিনেত্রী মনিকা বেলুচ্চির চুলের জাদুতে মুগ্ধ বিশ্ব। ইটালীয় মহিলা মানেই নজর কাড়ে তাঁদের স্বর্ণাভ, সুন্দর কেশ। সে দেশে চুলের পরিচর্যার কৌশল পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত।

রূপচর্চার জগতে যেমন কোরিয়ান উপকরণ এবং কৌশলের কদর, তেমনই কেশচর্চায় বিশ্বজনীন নজর ইটালির দিকে। ইটালির বিশ্বখ্যাত কেশসজ্জা শিল্পী রোসানো ফেরেত্তি অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই দেশে ছোট থেকেই সন্তানদের চুলের যত্ন এবং তার গুরুত্ব সম্পর্কে শেখানো হয়। কেশচর্চার সেই শিক্ষাই প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়।

কেশচর্চার মূলে থাকে মাথার ত্বকের যত্ন। তারই ধাপ হিসাবে চুল ধোয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফেরেত্তির সালোঁর এক কর্মী সাক্ষাৎকারে জানিয়েছেন, কেশচর্চায় কোন ধাপগুলি অনুসরণ করা জরুরি।

মাথায় ৫ বিন্দু: শ্যাম্পু সকলেই করেন, তবে পন্থাটি গুরুত্বপূর্ণ। মাথার পাঁচটি বিন্দুতে শ্যাম্পু করতে হবে। কপালের উপরে যেখান থেকে চুল শুরু হয়েছে, মাথার একেবারে পিছনে ঘাড়ের দিকে। মাথার মাঝে, এবং দুই কানের উপরের অংশে। কেশসজ্জা শিল্পীর কথায়, পাঁচটি স্থানে খুব ভাল করে শ্যাম্পু করা দরকার, যাতে মাথার ত্বক এবং সমস্ত চুল খুব ভাল করে পরিষ্কার হয়।

মাসাজ়: মাসাজ় গায়ের জোরে নয়, করতে হবে আঙুলের ডগা দিয়ে। আলতো চাপ দিয়ে গোল গোল করে আঙুল ঘোরাতে হবে। এই ধাপটি মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ এবং রক্ত সঞ্চালনের জন্য অত্যন্ত জরুরি।

দু’দফার পরিচ্ছন্নতা: শুধু এক বার শ্যাম্পুই যথেষ্ট নয়। মাথার ত্বকে জমা তেল, ময়লা ভাল করে পরিষ্কারের প্রয়োজন। এই জন্য দরকার ক্ল্যারিফাইং শ্যাম্পু।তবে কেশচর্চা শিল্পী বলছেন, শ্যাম্পু অতিরিক্ত পরিমাণে দেওয়ার দরকার নেই। প্রথম দফায় চুল পরিষ্কারের জন্য একটি আখরোটের সমান শ্যাম্পু যথেষ্ট। দ্বিতীয় বার চুল ধোয়ার জন্য কাঠবাদামের আকৃতি যতটা, ঠিক ততটুকু শ্যাম্পু দিলেই চলবে।

চুল ধোয়া: শ্যাম্পুর পদ্ধতি যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি সঠিক ভাবে চুল ধোয়া। চুল ধোয়ার সময় খেয়াল রাখতে হবে, মাথার ত্বকে কিংবা চুলে যেন সামান্য শ্যাম্পু বা ফেনাও লেগে না থাকে।

কেশচর্চা শিল্পীর কথায়, সঠিক কৌশলে চুল ধুলে মাথার ত্বক পরিষ্কার থাকবে। স্বাস্থ্যোজ্জ্বল হবে কেশ।

Hair Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy