Advertisement
E-Paper

পাতলা চুল ঘন হবে সয়া প্রোটিনের গুণেই! তালিকায় থাকবে কোন কোন খাবার?

চুল তৈরি হয় কেরাটিন নামক প্রোটিন দিয়ে। প্রোটিনে ঘাটতি থাকলে, যতই কেশচর্চা করা হোক না কেন, ফল মেলা অসম্ভব। মাছ, মাংস, ডিমে আপত্তি থাকলে, বেছে নিন সয়া প্রোটিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:১৩
চুল ভাল থারবে সয়া প্রোটিনে?

চুল ভাল থারবে সয়া প্রোটিনে? ছবি: সংগৃহীত।

ক্রমাগত চুল ঝরার কারণ যেমন অযত্ন হতে পারে, তেমনই হতে পারে প্রোটিনের অভাবও। চুল তৈরি হয় কেরাটিন নামক প্রোটিন দিয়ে। তাতে ঘাটতি থাকলে, যতই বাইরে থেকে কেশচর্চা করা হোক না কেন, ফল মেলা অসম্ভব।

ডিম, দুধ, মাছে ভাল মাত্রার প্রোটিন মেলে। তবে কেউ যদি নিরামিষভোজী হন, আপত্তি থাকে প্রাণিজ খাবারে, তাঁরা তালিকায় রাখবেন কোন প্রোটিন? সয়া প্রোটিন হল উদ্ভিজ্জ প্রোটিন। তা ছাড়া সয়াবিনের নানা খাদ্য উপকরণে মেলে আয়রন-সহ নানা খনিজও।

টোফু: সয়া দুধ বা সয়াবিনের দানা থেকে প্রাপ্ত দুধ দিয়ে তৈরি হয় টোফু, দেখতে খানিক পনিরের মতো। টোফুতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। বিশেষত যাঁরা মাছ, ডিম খান না, তাঁরা যদি উদ্ভিজ্জ এই প্রোটিন খাবার তালিকায় রাখেন শরীর তো বটেই, চুলও মজবুত হবে।

Advertisement

সয়া দুধ: সয়া দুধ ক্যালশিয়াম সমৃদ্ধ। ১০০ গ্রাম সয়া দুধে প্রায় ৩.৫ প্রোটিন মেলে। অনেকেরই প্রাণিজ দুধে থাকা ল্যাক্টোজ় হজমে সমস্যা হয়। উদ্ভিজ্জ দুধ হজমে সেই সমস্যা নেই। স্মুদিতে মিশিয়ে খেতে পারেন সয়া দুধ।

এডামামে: এটি হল সবুজ সয়াবিন বা কচি সয়াবিন। অল্প ভাপিয়ে বা সব্জি হিসাবে রান্না করে খাওয়া হয়। প্রোটিন, ভিটামিন এবং খনিজে ভরপুর এডামামে এ দেশে খাওয়ার চল আগে তেমন না থাকলেও, এখন অনেকেই খান। অনলাইনে সহজে তা কিনতেও পাওয়া যায়।

সয়া নাটস: সয়াবিনের বীজের ভাপিয়ে, বেক করে বা রোস্ট করে তৈরি হয় সয়া নাটস বা বাদাম। স্ন্যাক্সস হিসাবে এটি অত্যন্ত পুষ্টিকর। ফাইবার, প্রোটিন, অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ নাটস চুলের জন্যও উপকারী। সামগ্রিক ভাবেই স্বাস্থ্যের উপযোগী।

টেম্পে: সয়াবিনের দানা দিয়ে তৈরি টেম্পে কিছুটা পনিরের মতো দেখতে। ফারমেন্টেড বা মজিয়ে নেওয়া সয়াবিন দিয়ে টেম্পে তৈরি করা হয়। গ্রিল, স্টার ফ্রাই, স্যালাডে দিয়ে এটি খেতে পারেন।

সয়া প্রোটিন খেলেই যে রাতারাতি চুল ঝরা বন্ধ হবে বা চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে এমনটা নয়। তবে চিকিৎসকেরা বার বার মনে করান, উপযুক্ত পুষ্টির সঙ্গে ত্বক এবং চুলের স্বাস্থ্যেরও সম্পর্ক রয়েছে। সঠিক মাত্রায় প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি ফলমূল, শাকসব্জি, বাদামও ডায়েটে যুক্ত করা দরকার। পাশাপাশি প্রয়োজন চুলের সঠিক যত্ন। সব কিছুর মিলিত প্রভাবেই চুল ঝরা বন্ধ হতে পারে।

Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy