এ বিয়ে যেন ঠিক স্বপ্নের মতো। দক্ষিণী নায়ক-নায়িকা বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের সাজপোশাক নিয়েই নানা মহলে চর্চা তুঙ্গে। দু’জনের সাজপোশাকই ধাঁচ একেবারেই আলাদা। তেলুগু ও কোডাভা মতে বিয়ে সেরেছেন রশ্মিকা-বিজয়। তাঁদের পোশাকেও ধরা দিয়েছে একেবারে সাবেকি ছোঁয়া। নায়ক-নায়িকার বিয়ের পোশাকটি নকশা করেছেন কলকাতার কন্যা অনামিকা খন্না। যেখানে বলিপাড়ার নায়ক-নায়িকারা বিয়ের জন্য সব্যসাচী মুখোপাধ্যায় ও মণীশ মলহোত্রের মতো পোশাকশিল্পীকেই বেছে নেন, সেখানে ছক ভাঙলেন রশ্মিকা-বিজয়। নিজেদের সবচেয়ে বিশেষ দিনের সাজের জন্য তাঁরা অনামিকার উপরেই ভরসা রেখেছিলেন। আর অনামিকা সেই পরীক্ষায় কেবল পাশ করে গিয়েছেন এমনটা নয়, অনামিকার নকশা করা পোশাক যে অনেককেই নানা দিক থেকে টেক্কা দিয়েছে, সে কথা অস্বীকার করার উপায় নেই।
বিয়ের দিন রশ্মিকার পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের বেনারসি। শাড়ির গা জুড়ে সোনালি জরি, গোটাপট্টি, মুক্তোর কারুকাজ। পাড়ে চওড়া জড়ির নকশা। শাড়ির সঙ্গে রশ্মিকার ব্লাউজ়টিও ছিল নজরকাড়া। কমলা রঙের ব্লাউজ়টির গা জুড়ে সোনালি জড়ির কারুকাজ, বাহুতে ঝুলছে সোনালি পুঁতির ঝালর। শাড়ির সঙ্গে কন্ট্রাস্টে সোনালি রঙের ওড়না পরেছেন নায়িকা। রশ্মিকার গয়নাতেও ছিল সাবেকি ছোঁয়া। গয়নায় মন্দির ও বিগ্রহের কারুকাজ চোখ কেড়েছে অনুরাগীদের।
বিজয় পরেছিলেন অনুজ্জ্বল সোনালি সুতোর কাজ করা সাদা ধুতি আর একই ধরনের সুতোর নকশা করা লাল উত্তরীয়। বিজয়ের গয়নাতেও ছিল মন্দির ও বিগ্রহের আদল।
এর আগে অনন্ত অম্বানী আর রাধিকা অম্বানীর বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে রাধিকা থেকে শ্লোকা অম্বানীর পোশাক নকশা করেছিলেন অনামিকা। তবে বলি তারকাদের বিয়ের দিনের পোশাক নকশা করার ক্ষেত্রে এর আগে অনামিকাকে দেখা যায়নি। বলি নায়িকাদের বিয়ের সাজে হয় সব্যসাচী, মণীশ, আবু জানি আর সন্দীপ খোসলারই আধিপত্য চোখে পড়ত এত দিন। সে দিক থেকে দেখলে ফ্যাশন দুনিয়ায় দাপট বাড়ছে অনামিকার। কনের পোশাকের জন্য রং বাছাই থেকে শুরু করে, ব্লাউজ়ের নকশা, বরের পোশাক থেকে তাঁর গয়নার কারুকাজ— সবটাই হয়েছে একেবারে ভিন্ন ধাঁচের। কলকাতার কন্যা অনামিকা প্রমাণ করে দিয়েছেন, রশ্মিকা-বিজয় তাঁর উপর ভরসা রেখে কোনও ভুল করেননি।