বাজারে এখন যে সব শ্যাম্পুর চাহিদা বাড়ছে তার মধ্যে ‘সালফেট-ফ্রি’ শ্যাম্পু অন্যতম। দিন দিন জনপ্রিয় হচ্ছে এই শ্যাম্পু। তবু অনেকেই এখনও সেই নামিদামি প্রসিদ্ধ সংস্থার সালফেট যুক্ত শ্যাম্পুই ব্যবহার করে চলেছেন। এই ধরনের শ্যাম্পুগুলি বেশি পরিচিত, সহজেই বাজারে পাওয়া যায় আর সব থেকে বড় বিষয় হল, এই ধরনের শ্যাম্পু ব্যবহারের পর যে বিপুল মাত্রায় ফেনা তৈরি হয়, অনেকেই মনে করেন তাতেই মাথার ত্বকে জমে থাকা ধুলোময়লা ধুয়েমুছে সাফ হয়ে যাবে।
প্রচুর ফেনা হয় বলেই যে শ্যাম্পু ভাল হবে, বিষয়টা কিন্তু তেমন নয়। বেশির ভাগ শ্যাম্পুতে ফেনা তৈরি হয় সালফেটের উপস্থিতির কারণেই। এই উপাদান মাথার ত্বকে থাকা প্রাকৃতিক তেল শুষে নিয়ে, চুলে রুক্ষতা তৈরি করে। দীর্ঘ দিন ধরে এই ধরনের শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়ে যাওয়ার মতো সমস্যাও তৈরি হতে পারে। সালফেট কিন্তু অতিরিক্ত তেল এবং প্রাকৃতিক তেলের মধ্যে তফাৎ করতে পারে না। সালফেট যুক্ত শ্যাম্পু মাথার ত্বক থেকে প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নিতে পারে, যা চুলকে শুষ্ক করে, এবং সময়ের সঙ্গে সঙ্গে মাথায় টাক পড়তে শুরু করে।
হঠাৎ করে সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে শুরু করলে, কিছু দিন মাথার ত্বকে অতিরিক্ত তেল জমা হতে পারে। ফলে শ্যাম্পু করার পরেও মাথার ত্বক তেলচিটে মনে হতে পারে। সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করলে মাথায় যে ফুরফুরে ভাব আসে, অন্য শ্যাম্পুতে তা আসে না। তাই অনেকেই সালফেট ক্ষতিকর জেনেও সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করা ছাড়তে পারেন না।
তবে বেশ কিছু দিন সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করলে মাথায় তেলের ভারসাম্য নিয়ন্ত্রণে আসতে শুরু করে। প্রাকৃতিক তেল চুলের গোড়ায় আরও সমান ভাবে ছড়িয়ে পড়তে পারে, চুলের আর্দ্রতা বজায় থাকে, কোমলতা, জেল্লার পাশাপাশি চুলের গোড়ার দৃঢ়তাও বাড়ায়।