Advertisement
E-Paper

ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফ্যাটে ভরপুর ফলই ত্বকে আনবে আভা! কী ভাবে মাখবেন জেনে নিন

ফল খাওয়ার মাধ্যমে ত্বকে পুষ্টি মিলতে পারে। আবার মুখে মেখেও ত্বকের স্বাস্থ্য ফেরানো যেতে পারে। জেনে নিন কী ভাবে মাখবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২০:৫৬
স্বাস্থ্যকর ফ্যাটে ভর্তি ফল দিয়ে ত্বকের স্বাস্থ্যরক্ষা।

স্বাস্থ্যকর ফ্যাটে ভর্তি ফল দিয়ে ত্বকের স্বাস্থ্যরক্ষা। ছবি: সংগৃহীত।

স্বাস্থ্যরক্ষা, ত্বকচর্চা ও কেশচর্চায় প্রাকৃতিক উপাদানের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। সেই তালিকায় যোগ দিয়েছে বিদেশি ফল অ্যাভোকাডোও। স্যালাড ও টোস্টের সঙ্গে এই ‘সুপারফুড’ খাওয়ার চল বেড়েছে। এই ফলই ত্বকের জন্য হয়ে উঠতে পারে গভীর পুষ্টির উৎস, যা শুষ্ক, ক্লান্ত ত্বককে আবার প্রাণবন্ত করে তুলতে পারে।

অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগানোর জন্য এবং তার স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে বেশ কার্যকরী অ্যাভোকাডো। এই ফল খাওয়ার মাধ্যমে ত্বকে পুষ্টি মিলতে পারে। আবার মুখে মেখেও ত্বকের স্বাস্থ্য ফেরানো যেতে পারে।

অ্যাভোকাডো দিয়ে ত্বকচর্চা।

অ্যাভোকাডো দিয়ে ত্বকচর্চা। ছবি: সংগৃহীত

ত্বকের জন্য অ্যাভোকাডোর উপকারিতা

১. আর্দ্রতা বাড়ায়: গভীর ভাবে ত্বককে ময়েশ্চারাইজ় করার ক্ষমতা রাখে অ্যাভোকাডো। এর মধ্যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে ত্বক নরম ও কোমল দেখায়। ত্বকের ডার্মিস স্তর থেকে আর্দ্রতা টেনে বাইরের স্তরকেও ময়েশ্চারাইজ় করতে পারে।

২. প্রদাহ নাশ: অ্যাভোকাডোতে প্রদাহনাশী গুণ রয়েছে বলে জ্বালাপোড়া, লালচে ভাব ইত্যাদি থেকে সহজে মুক্তি পাওয়া যায়। ফলে নানাবিধ সংক্রমণের হাত থেকে ত্বককে রক্ষা করার জন্য এই ফল মুখে মাখতে পারেন বা খেতেও পারেন। ফলে যাঁরা এগ্‌জ়িমা ও সোরিয়াসিস রোগে আক্রান্ত, তাঁরা চিকিৎসকের সঙ্গে কথা বলে অ্যাভোকাডো ব্যবহার করলে উপকৃত হবেন। ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে ব্রণের প্রবণতা কমতে পারে।

৩. টানটান ভাব: ত্বক টানটান রাখার ক্ষমতা রয়েছে অ্যাভোকাডোর। তাই চামড়া ঝুলে যাওয়ার মতো সমস্যা থেকে রেহাই পেতে অ্যাভোকাডো ব্যবহার করতে পারেন।

৪. সূর্যরশ্মি থেকে রক্ষা: এসপিএফ-এর বিকল্প না হলেও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে খানিক সুরক্ষা দিতে পারে অ্যাভোকাডো। দূষণ ও সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে অনেকেই অ্যাভোকাডো ব্যবহার করেন। কারণ, এই ফল অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর।

৫. ঔজ্জ্বল্য বাড়ায়: অ্যাভোকাডোর ভিটামিন ও পুষ্টি উপাদান ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। ফলে ত্বকের গঠন উন্নত হয়ে প্রাকৃতিক আভা এনে দিতে পারে ত্বকে।

কী কী ভাবে ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো?

· পাকা অ্যাভোকাডো চটকে সরাসরি মুখে লাগানো যায়

· অ্যাভোকাডো অয়েল ময়েশ্চারাইজ়ার হিসাবেও ব্যবহার করা যায়

· অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে ফেস মাস্কও বানানো যায়

Avocado Skin Care Tips Healthy Fat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy