Advertisement
E-Paper

ওজন কমবে মিষ্টিমুখেই! প্রোটিন ডায়েটের শেষপাতে থাকুক চিনি ছাড়া চকোলেট ও নানা স্বাদের পুডিং

ডায়েটও হবে আবার মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হবে। চিনি ছাড়াই বানিয়ে ফেলতে পারেন নানা স্বাদের পুডিং। চাইলে মিষ্টি ছাড়া চকোলেট পুডিংও বানানো যায়। শিখে নিতে হবে সঠিক প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১২:৫২
Guilt-Free sweetness, some Sugar-Free Pudding Recipes for a healthy diet

প্রোটিন ডায়েটে পুডিং, তা-ও আবার চিনি ছাড়াই, রইল কিছু রেসিপি। ছবি: ফ্রিপিক।

চিনি খাওয়া একদম বন্ধ করে দেবেন ভেবেছেন। সাধের মিষ্টির দিকে তাকিয়েও দেখেন না। কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছে কি এত সহজে দমিয়ে রাখা সম্ভব? শেষপাতে আর কিছু না হোক, একটু মিষ্টিমুখ করতেই মন চায়। যদি সাধ জাগে, তা হলে উপায়ও আছে। যেমন-তেমন মিষ্টি নয়, ডায়েটে থাকার সময়েও খেতে পারেন চকোলেট ও নানা স্বাদের পুডিং। তা-ও আবার চিনি না দিয়েই। পুডিং মানেই ঘন দুধ, চিনির মিলমিশে রাজকীয় স্বাদের কথাই মনে করায়। কিন্তু তেমন পুডিংই যদি মিষ্টি ছাড়া বানানো যায়, তা হলে কেমন হয়? স্বাদে হেরফের হবে না, আবার স্বাস্থ্যও বজায় থাকবে। প্রোটিন সমৃদ্ধ তেমনই কিছু পুডিং তৈরির প্রণালী শিখে নিন।

চিনি ছাড়া চকোলেট কলার পুডিং

পাকা কলার নিজস্ব মিষ্টি স্বাদ আছে। সেটি কোকো পাউডারের সঙ্গে মিশে স্বাদ আরও খানিক বাড়িয়ে দেবে।

উপকরণ: ২টি পাকা কলা, ৩ চামচ কোকো পাউডার, ২ কাপ ঘন দুধ বা কাঠবাদামের দুধ, ৩ চামচ চিয়া বীজ, ৩ চামচ ভ্যানিলা এসেন্স।

চিনি ছাড়া চকোলেট কলার পুডিং

চিনি ছাড়া চকোলেট কলার পুডিং

প্রণালী: প্রথমে একটি ব্লেন্ডারে পাকা কলা, কোকো পাউডার, দুধ এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট নিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই মিশ্রণটি একটি বাটিতে ঢেলে তার মধ্যে চিয়া বীজ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। পরিবেশনের আগে উপর থেকে ছোট ছোট কলার টুকরো ও ডার্ক চকোলেট ছড়িয়ে দিন।

খেজুর ও কাঠবাদামের পুডিং

উপকরণ: ১ কাপ খেজুর, কাঠবাদাম আধ কাপ (ভিজিয়ে খোসা ছাড়ানো), ২ কাপ দুধ, ১ চামচ জিলেটিন পাউডার।

খেজুর ও কাঠবাদামের পুডিং

খেজুর ও কাঠবাদামের পুডিং

প্রণালী: খেজুর ও কাঠবাদাম সামান্য গরম দুধে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এর পর ব্লেন্ডারে মসৃণ পেস্ট তৈরি করুন। বাকি দুধ ফুটিয়ে তাতে জিলেটিন পাউডার মিশিয়ে দিন। এ বার খেজুর-কাঠবাদামের পেস্ট দুধে ঢেলে ভাল করে নাড়ুন। মিশ্রণটি বাটিতে ঢেলে ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।

পাকা আম ও চিয়া পুডিং

উপকরণ: ১ কাপের মতো পাকা মিষ্টি আমের পাল্প, ৪ চামচ চিয়া বীজ, ১ কাপের মতো নারকেলের দুধ বা টক দই।

পাকা আম ও চিয়া পুডিং

পাকা আম ও চিয়া পুডিং

প্রণালী: একটি পাত্রে নারকেলের দুধ (বা ফেটানো টক দই) এবং আমের পাল্প খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এ বার এতে চিয়া বীজ দিয়ে ভাল করে নাড়তে থাকুন। কাচের গ্লাসে বা বাটিতে ঢেলে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন। আম মিষ্টি হওয়ায় এতে আলাদা করে চিনি বা মধু মেশানোর প্রয়োজন হয় না।

Pudding Recipes Dessert Recipe healthy food Protein Diet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy