Advertisement
E-Paper

মুম্বইয়ে নিজের বাড়ি কিনেছেন তারা সুতারিয়া, কেমন সাজালেন প্রথম বাড়ির অন্দরমহল?

বলিউডের নায়িকা তারা সুতারিয়া সম্প্রতি জীবনের একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। মুম্বইয়ে নিজের জন্য সাজানোগোছানো ঠিকানা বানিয়ে ফেলেছেন তিনি। আর স্বোপার্জিত সেই আশ্রয়ের খবরও জানিয়েছেন সাত কাহনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:৪৮
নায়িকাদের বাড়ি কেমন হয়?

নায়িকাদের বাড়ি কেমন হয়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিজের বাড়ি। প্রথম বাড়ি। যে বাড়ির প্রতিটি কড়ি-বরগা-ইঁট ঘাম ঝরানো পরিশ্রমে অর্জিত। যার এক একটি কোনার ইঞ্চি ইঞ্চি নিজের হাতে গড়া, সে বাড়ি নিয়ে আবেগ কেমন হতে পারে, তা তিনিই জানেন, যিনি নিজের বাড়ি বানিয়েছেন। বলিউডের নায়িকা তারা সুতারিয়া সম্প্রতি জীবনের সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। মুম্বইয়ে নিজের জন্য একটি সাজানোগোছানো ঠিকানা বানিয়ে ফেলেছেন তিনি। আর স্বোপার্জিত সেই আশ্রয়ের খবরও জানিয়েছেন সাত কাহনে। যত্ন করে সাজানো প্রথম বাড়ির ছবি সমাজমাধ্যমে দিয়ে নায়িকা লিখেছেন, ‘নতুন শুরু’র কথা। এক ঝলকে দেখে নেওয়া যাক বলিউডের নায়িকার আরামের আশ্রয়ের ঠিকানাটি কেমন?

গ্র্যান্ড পিয়ানো

তারার বাড়ির প্রবেশপথ পেরোলেই স্বাগত জানাবে একটি কুচকুচে কালো গ্র্যান্ড পিয়ানো। ফরাসের উপর সাজিয়ে রাখা সেই পিয়ানোর নীচে ছড়ানো মেঝেটিও দেখবার মতো। কাঠের মতো দেখতে এবং হেরিংবোন বা জ়িগজ়্যাগ আদলে তৈরি। ছড়ানো দালানে যা এক অদ্ভূত জ্যামিতিক কিন্তু মায়াবি হিজিবিজি তৈরি করছে।

কার্পেটের ব্যবহার

বড় হলঘরের এক দিকে পিয়ানো আর অন্য দিকে বসার বন্দোবস্ত। দু’টি দিককে তারা আলাদা করেছেন কার্পেটের ব্যবহারে। পিয়ানোর দিকে ছোট কার্পেট। সেখানে মেঝের নকশা দৃশ্যমান। বসার জায়গাটির ফ্লোরিং ঢাকা পড়েছে চওড়া বড় এবং হালকা রঙের সামান্য রং জ্বলে যাওয়া কার্পেটে। অন্দরসজ্জায় এমন কার্পেটের ব্যবহার ইদানীং বাড়ছে। কারণ, ব্যবহার করা পুরনো জামার মতোই পুরনো কার্পেটও খানিক বাড়তি আরাম জোগায়।

কাঠের আসবাব

আসবাবের আধিক্য নেই। তবে দেখলে বোঝা যায়, আসবাব বাছার সময় বাড়ির মালকিন গুরুত্ব দিয়েছেন, অরগ্যানিক, ক্লাসিক এবং টেকসই জিনিসে। কাঠের লম্বাটে চার পেয়ে সেন্টার টেবিল থেকে শুরু করে দালানে রাখা সাইড টেবিলে স্পষ্ট পুরনো দিনের নকশার ছাপ। সঙ্গের সোফা সেটটিতেও কাঠের উপরে একরঙা পাটের রঙের কাপড়ে মোড়া গদি।

আলো-রং-দেওয়াল

খুব উজ্জ্বল আলোর ব্যবহার করা হয়নি কোথাও। সর্বত্রই আলো এমন ভাবে পড়েছে, যা সরাসরি চোখে পড়বে না। চোখে পড়বে আলোর প্রতিফলন। ফলে ঘরময় একটা নরম ভাব তৈরি হয়েছে। যাতে আরও সাহায্য করেছে ক্রিম রঙের বৈচিত্রহীন দেওয়াল।

সেই দেওয়াল কখনও সেজেছে খোলা ক্যাবিনেটে রাখা নায়িকার পুরষ্কার, ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ফটোফ্রেমে, কখনও সেজেছে বিদেশি স্যুভেনিরে যা তিনি হয়তো কোথাও বেড়াতে গিয়ে শখে পড়ে কিনেছেন ঘর সাজাবেন বলে। এই সব টুকরো টুকরো জিনিসই সুখস্মৃতি হয়ে আগলে রেখেছে নায়িকার বসার ঘরের দেওয়াল।

ছবি এবং অন্যান্য

তারার অন্দরসজ্জায় যেমন তাঁর ব্যক্তিগত জীবনের স্পর্শ রয়েছে, তেমনই রয়েছে কিছু ‘অলঙ্কার’ও। যা চোখ টানতে বাধ্য। সাদা দেওয়ালে কমলা-লাল-হলুদ রঙের উজ্জ্বল বিমূর্ত চিত্রশিল্প থেকে শুরু করে পোর্সেলিনের ফুলদানিতে চিনা চিত্র শিল্প, রূপোর বাতিদান, বসার ঘরে সোনালি ফ্রেমে বাঁধানো উড কার্ভিং স্টাইলের পেন্টিং এমনকি ঝাড়বাতিগুলিও প্রতিটি দেওয়ালকে নিজস্ব চরিত্র দিয়েছে।

খাবার ঘর

অপ্যায়ন করতে ভালবাসেন তারা। এ পর্যন্ত যত বার বন্ধুদের জন্য পার্টি দিয়েছেন, প্রতি বারেই তার আয়োজন ছিল বিপুল। আর সবকিছুতেই মার্জিত রূচির ছাপ ছিল স্পষ্ট। খাবার ঘরটি আপ্যায়নের সেরা জায়গা। নায়িকা সেই জায়গাটিকে সাজিয়েছেন সাদা কালো রঙে।

দেওয়ালের রং সাদা, পর্দা স্বচ্ছ সাদা, সাদা টেবিল ক্লথ। আর চেয়ার গুলি মিশ কালো। খাবার ঘরের দেওয়ালে টাঙানো আয়না অথবা আয়নার ফ্রেমে বাঁধানো মুরাল। তাতেও সাদা-কালোরই প্রাধান্য। এমনকি বাসনও রূপোর। টেবিলে রুপোর ফুলদানিতে সাজানো রজনী গন্ধা, সাদা গোলাপ।

Tara Sutaria Celebrity Home Decor Celebrity Home Tour Celebrity home
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy