সকালে এক কাপ ধোঁয়া ওঠা কফি পেলেই শরীর-মন তরতাজা হয়ে ওঠে অনেকেরই। তবে অনেক সময় ফিল্টার করা কফি খেলে, কফির গুঁড়োর তলানি পড়ে থাকে। আবার কখনও কখনও দীর্ঘ দিন ঘরে পড়ে থেকে কফির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তা আর খাওয়া যায় না। সেই কফি বা ফিল্টার করার পরে পড়ে থাকা তলানি কাজে লাগতে পারে নানা ভাবে।
১। মাছ ধোয়া, রসুন কুচোনোর পরে হাত থেকে গন্ধ বেরোয়। বিশেষত কাঁচা মাছের গন্ধ সাবান দিলেও সহজে যায় না। ফিল্টার কফির তলানিটি ফেলে না দিয়ে কোথাও জমিয়ে রাখুন। মাছ ধোয়া, সব্জি কাটার পরে সেটি দুই হাতের চেটোয় নিয়ে রগড়ে নিন। তা হলেই দুর্গন্ধ চলে যাবে। কফির গন্ধ বেরোবে হাত থেকে।
২। ফ্রিজের মধ্যেও খাবারের গন্ধ বেরোয়। বাড়তি কফির গুঁড়ো ছিদ্র যুক্ত কৌটোয় ভরে বা ছোট একটি বাটিতে করে ফ্রিজে রেখে দিন। মাইক্রোওয়েভ আভেনেও কফি দিয়ে ২ মিনিট রেখে দিন। তা হলে খাবারের গন্ধ চলে যাবে। কফির গন্ধ ভুর ভুর করবে।
৩। বর্জ্যের পাত্রেও বিশ্রী গন্ধ বেরোয়। ফিল্টার কফির তলানিটি সেখানে ফেলে দিন। তা হলেও দুর্গন্ধ দূর করা সম্ভব হবে।
৪। কফির গুঁড়ো মাটিতেও ব্যবহার করা যায়। এটি পোকা তাড়াতে কাজে আসে। গাছের বৃদ্ধিতে কাজে লাগে। তবে দিতে হবে পরিমিত। আবার কফির গুঁড়ো সার হিসাবেও ব্যবহার করা যায়।
৫। ছোটদের খেলার জন্য মাখা ময়দায় কফি গুঁড়ো মিশিয়ে তাল পাকিয়ে দিয়ে দিন। মাটি দিয়ে তারা যেমন বিভিন্ন আকৃতি তৈরি করতে পারে, ময়দা দিয়েও পারবে। কফি থাকায়, এটি মাটির মতোই কিছুটা দেখাবে।