গ্যাসের খরচ বাঁচানোর জন্য ইলেকট্রিক কেটলির ব্যবহার বেড়েছে হেঁশেলে। কোনও বাড়িতে শুধু জল গরম করা হচ্ছে, কোথাও বা চা-কফি বানানো হচ্ছে, কেউ আবার ডিম সেদ্ধ করছেন, কেউ কেউ চাল-ডাল সেদ্ধ করছেন ইলেকট্রিক কুকারে। ব্যবহার বাড়লে নোংরাও হবে স্বাভাবিক ভাবে। বার বার ব্যবহার করতে করতে ইলেকট্রিক কেটলির ভিতরে সাদা দাগ জমে যায়। অনেকেই তখন ভিনিগার বা সাবান দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু ইলেকট্রিক কেটলি পরিষ্কারের জন্য এত কিছুর দরকারই পড়ে না। একটি খুব সহজ উপায়েই এই লবণাক্ত দাগ তুলে ফেলা সম্ভব।
ইলেকট্রিক কেটলি পরিষ্কার করুন একটি উপাদান দিয়েই। ছবি: সংগৃহীত
কেটলির ভিতরে যে সাদা আস্তরণ জমে, সেটি আসলে লাইমস্কেল। জলে থাকা খনিজ পদার্থ বার বার গরম হওয়ার ফলে এই স্তর তৈরি হয়। দীর্ঘ দিন ধরে এটি জমতে জমতে কেটলির কার্যকারিতাও কমিয়ে দিতে পারে। জল গরম হতে বেশি সময় নেবে, ফলে বেশি শক্তি খরচ হবে এবং বিদ্যুতের বিলও বেশি আসবে। এমনকি, জলের স্বাদও পাল্টে যেতে পারে। ফলে শুরু থেকেই কেটলির যত্ন নেওয়া উচিত।
লাইমস্কেলের এই সমস্যার সহজ সমাধান হল সাইট্রিক অ্যাসিড। লেবু, কমলালেবু বা সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ ফলে থাকা প্রাকৃতিক অম্ল এই জমে থাকা দাগকে আলগা করতে সাহায্য করে এবং কেটলিকে পরিষ্কার করে দেয়। আসলে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের সঙ্গে মিশে সেগুলিকে জলে দ্রবণীয় করে ফেলে। ফলে সহজেই ধুয়ে ফেলা যায়। কেটলির ভিতরে পড়া সাদা স্তর দূর করতে সাদা ভিনিগারের তুলনায় সাইট্রিক অ্যাসিড অনেক বেশি কার্যকর।
আরও পড়ুন:
কী ভাবে প্রয়োগ করবেন এই টোটকা?
প্রথমে কেটলিতে পরিমাণ মতো জল নিন। এর পর তাতে কয়েক টুকরো লেবু বা লেবুর রস মিশিয়ে দিন। এবার এই জলটি ফুটিয়ে নিন। জল ফুটে গেলে সেটি কিছু ক্ষণ কেটলির ভিতরেই রেখে দিন, যাতে লেবুর রস লাইমস্কেলের উপর ভাল ভাবে কাজ করতে পারে। এর পর জল ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে কেটলি ধুয়ে নিলেই দেখবেন, দাগ অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রয়োজনে এই পদ্ধতি এক-দু’বার পুনরাবৃত্তি করা যেতে পারে, যদি দাগ বেশি জমে থাকে।