Advertisement
E-Paper

রোজের ৫ ভুলেই অকালবার্ধক্যের ছাপ পড়ছে মুখে, ত্বকের স্বাস্থ্যরক্ষায় দ্রুত অভ্যাস পাল্টে ফেলুন

অজান্তে আপনার দৈনন্দিন অভ্যাসই ত্বকের স্বাস্থ্যের শত্রু হয়ে দাঁড়ায়। মুখের ত্বকের বয়স দ্রুত বেড়ে যেতে থাকে। এ দিকে আপনি হয়তো নেপথ্য কারণগুলিকে চিনতেই পারছেন না!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:০৭
ত্বকের বয়স বাড়ছে কোন কোন অভ্যাসে?

ত্বকের বয়স বাড়ছে কোন কোন অভ্যাসে? ছবি: সংগৃহীত।

ত্বকের যত্নে দামি প্রসাধনী ব্যবহার করেন, অথচ অকালবার্ধক্যের কবলে পড়ছে চোখ-মুখ। তার কারণ, অনেক সময়ে অজান্তে আপনার দৈনন্দিন অভ্যাসই ত্বকের স্বাস্থ্যের শত্রু হয়ে দাঁড়ায়। মুখের ত্বকের বয়স দ্রুত বেড়ে যেতে থাকে। এ দিকে আপনি হয়তো নেপথ্য কারণগুলিকে চিনতেই পারছেন না! ছোট ছোট এই ভুলগুলিই ধীরে ধীরে বলিরেখা বাড়ায়, ত্বককে নিস্তেজ করে তোলে এবং ত্বকের ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়ায়।

ত্বকের বয়স বাড়ছে কি আপনারই ভুলে?

ত্বকের বয়স বাড়ছে কি আপনারই ভুলে? ছবি: সংগৃহীত

রোজের কোন কোন অভ্যাসে ত্বকে অকালবার্ধক্য দেখা দিচ্ছে?

১. সানস্ক্রিন ব্যবহার না করা: রোদ থেকে সুরক্ষা না নেওয়ার অভ্যাসে ত্বকের ক্ষতি হয়। সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে দেয়, ফলে দ্রুত বলিরেখা ও দাগ তৈরি হয়। প্রতি দিন সানস্ক্রিন ব্যবহার না করলে এই ক্ষতি বাড়তে থাকে এবং বয়সের ছাপ দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। রৌদ্রোজ্জ্বল দিন ছাড়া মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহার করা বাঞ্ছনীয়।

Advertisement

২. মিষ্টি খাওয়ার তাগিদ: অতিরিক্ত চিনি বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া বেড়ে গিয়েছে কি? বেশি চিনি শরীরে এমন প্রক্রিয়া তৈরি করে, যা কোলাজেনকে ক্ষতিগ্রস্ত করে। ফলে চামড়া দ্রুত ঢিলে হয়ে যায় এবং বলিরেখা বাড়ে।

৩. খারাপ বালিশে শোয়া: গভীর ঘুমে শরীর ত্বকের মৃত কোষ সরিয়ে নিজেকে সারিয়ে তোলে। তাই পর্যাপ্ত ঘুম না হলে চোখের তলায় কালি পড়ে এবং ত্বকের ঔজ্জ্বল্য কমে যায়। নিয়মিত ৭-৯ ঘণ্টার ঘুম খুবই জরুরি। এ ছাড়া, উপুড় হয়ে বা এক দিকে চেপে ঘুমোলে ত্বকে বলিরেখা পড়ে। এর বদলে পিঠের উপর ভর দিয়ে সোজা হয়ে ঘুমোনোর চেষ্টা করুন। আর সিল্কের বালিশের কভার ব্যবহার করলে ত্বকে ঘর্ষণ কম হয় এবং ত্বক ভাল থাকে।

৪. অতিরিক্ত মুখ ঘষা: বার বার মুখ স্পর্শ করা বা রুক্ষ ভাবে ত্বক পরিষ্কার করার কারণেও মুখের বয়স বেড়ে যেতে পারে। এতে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং সংবেদনশীলতা বাড়ে। দীর্ঘ মেয়াদে এটি ত্বকের বার্ধক্য ত্বরান্বিত করতে পারে।

৫. স্ক্রিনটাইম বাড়িয়ে দেওয়া: স্মার্টফোন এবং ল্যাপটপ বা টেলিভিশন থেকে নির্গত নীল আলো ত্বকের গভীরে গিয়ে পৌঁছোয়। তাতে ত্বকে দাগছোপ বাড়তে থাকে। পাশাপাশি, কোলাজেন নষ্ট হতে থাকে এই কারণেই। ফলে মুখে বলিরেখা পড়ে যায় দ্রুত।

Anti-aging Skin Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy