বেঁচে যাওয়া ভাত দিয়ে চটজলদি ফ্রায়েড রাইস বানিয়ে নেন অনেকেই। বাসি ভাত দিয়ে নতুন রান্না করার এটাই সহজ উপায়। তবে সব সময় কি ভাত খেতে ভাল লাগে? বাড়িতে ডাল, ভাত, আলু ভাতে থাকলে তা দিয়েই বানাতে পারেন মুখরোচক খাবার। এয়ার ফ্রায়ারে বিনা ঝক্কিতেই বানিয়ে নিতে পারেন মুচমুচে বড়া থেকে কবাব।
ভাত-আলুভাতে দিয়ে বড়া: ভাত-আলুভাতে দিয়ে মুচমুচে বড়া! শুনতে আশ্চর্য লাগলেও, না বললে, খেয়ে কেউ বুঝবেন না, তা কী দিয়ে বানানো হয়েছে। বাসি ভাত গরম করে আলুভাতে দিয়ে চটকে মেখে নিন। যোগ করুন ঘি, স্বাদমতো নুন, পেঁয়াজ, লঙ্কা, সেদ্ধ সুইটকর্ন। মিশিয়ে নিন বেসন, আমচুর, লঙ্কার গুঁড়ো। গোল গোল বড়ার মতো আকার দিয়ে তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে রান্না করে নিন যতক্ষণ না মুচমুচে হচ্ছে।
শিক কবাব: ভাত খেতে চায় না সন্তান? বানিয়ে দিন পালংশাকের কবাব। ভাতের সঙ্গে ভাপিয়ে নেওয়া পালংশাক, পেঁয়াজকুচি, বাদামের টুকরো, নুন, লঙ্কাকুচি ভাল করে চটকে মেখে নিন। শিক কবাবের মতো আকার দিন, শিকের বদলে খুদের পছন্দের আইসক্রিমের কাঠিও দিয়ে দিতে পারেন। এর পর তেল মাখিয়ে সেটি এয়ার ফ্রায়ারে রান্না করে নিন। একটি দিক হলে, অন্য দিকটি ঘুরিয়ে দিন। এতে সব দিকই ভাল করে রান্না হবে।
চিজ় বল: ভাত, আলুসেদ্ধ, ডিমসেদ্ধ মেখে নিন। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি এবং স্বাদমতো নুন, চিলিফ্লেক্স যোগ করে ভাল করে মেখে নিন। যোগ করুন অল্প ময়দা। গোল বল করে ভিতরে চিজের টুকরো পুরে আবার গোল করে নিন। এয়ার ফ্রায়ারে রান্না করে নিন।