সম্প্রতি এলপিজি সিলিন্ডারের সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় বহু পরিবার জ্বালানির বিকল্প উপায় খুঁজছেন। আমেরিকা ও ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধপরিস্থিতি এবং জ্বালানির জোগানে বিঘ্নের জেরে এই সঙ্কট তৈরি হয়েছে। ফলে অনেকেই এখন গ্যাসের বদলে ইনডাকশন অভেন বা কুকটপ ব্যবহার করার কথা ভাবছেন। তবে যাঁরা প্রথম বার ইনডাকশন ব্যবহার করছেন, তাঁদের অনেক সময়ে শুরুতে কিছু কিছু অসুবিধা হয়। আসলে রান্নার এই পদ্ধতি গ্যাসের থেকে খানিক আলাদা। তাই কয়েকটি বিষয় আগে থেকে জেনে রাখলে ইনডাকশনে রান্না করার কাজ কঠিন বলে মনে হবে না।
গ্যাসের জোগানে বিঘ্ন ঘটেছে। ছবি: সংগৃহীত
ইনডাকশনে রাঁধার ৫টি টিপ্স
১. ইনডাকশনের উপযোগী বাসন ব্যবহার করুন
ইনডাকশনে সব ধরনের বাসন ব্যবহার করা যায় না। এমন হাঁড়ি বা কড়াই দরকার, যেটির তলা চৌম্বকীয় ধাতুর তৈরি এবং সমান, এবড়োখেবড়ো নয়। সাধারণত স্টিল বা ঢালাই লোহার বাসনে রান্না করলে ভাল। সঠিক বাসন ব্যবহার করলে তাপ দ্রুত ছড়ায় এবং রান্নাও দ্রুত হয়। এতে বিদ্যুৎ খরচও তুলনামূলক কম হতে পারে।
২. রান্না শুরুর আগে সব উপকরণ প্রস্তুত রাখুন
ইনডাকশন খুব দ্রুত গরম হয়ে যায়। তাই চালু করার আগে সব্জি কাটা, মশলা মাপা বা রান্নার উপকরণ গুছিয়ে রাখা ভাল। তা হলে রান্নার সময় তাড়াহুড়ো করতে হবে না এবং খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে।
ইনডাকশনে রাঁধার টিপ্স। ছবি: সংগৃহীত
৩. আগুন ছাড়া রান্নার কৌশল শিখুন
গ্যাসে রান্না আর ইনডাকশনে রান্নার মূল পার্থক্য হল, আগুন-সহ রান্না ও আগুন ছাড়া রান্না। গ্যাসে রান্না করার অভ্যাস থাকলে আগুন ছাড়া কাজ করতে অসুবিধা হয়। আর সেখানেই বড়সড় বদল আনতে হয়। তাই এই পরিবর্তনের শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্যাসে আঁচ কমানো সহজ, কিন্তু ইনডাকশনে নম্বর বাড়িয়ে ও কমিয়ে তাপ বদলাতে হয়। তেল ফোটার শব্দ, জলের শব্দ, ভাজার শব্দ, গন্ধ ইত্যাদি দিয়ে নম্বর স্থির করতে হবে। ধীরে ধীরে সেটাই অভ্যাস হয়ে যাবে। তা ছাড়া বেশির ভাগ ইনডাকশনে আলাদা আলাদা রান্নার মোড থাকে— যেমন ফোটানো, ভাজা বা ধীরে রান্না করা। এই নির্দিষ্ট মোড ব্যবহার করলে খাবার সমান ভাবে সেদ্ধ হয় এবং বিদ্যুৎ খরচও কম হয়। সেগুলিও শিখে নিতে হবে ধীরে ধীরে।
৪. তাপমাত্রার দ্রুত ওঠানামা নিয়ন্ত্রণে রাখুন
নম্বর বদলানোর সঙ্গে সঙ্গেই তাপমাত্রা পাল্টে যায়। দ্রুতগতিতে তাপমাত্রার পরিবর্তনের ব্যাপারে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। গ্যাসের ক্ষেত্রে আঁচ কমানো-বাড়ানোর পর ন্যূনতম সময় নেয় বলে অসুবিধা হয় না। তাই ধীরে ধীরে এই বৈশিষ্ট্যের সঙ্গে অভ্যস্ত হতে হবে। নয়তো খাবার পুড়ে যেতে পারে বা জল ছিটকে পড়তে পারে বাইরে।
আরও পড়ুন:
৫. ইনডাকশন ও বাসনের তলা পরিষ্কার রাখুন
ইনডাকশনের উপরিস্থল এবং বাসনের তলা সব সময়ে পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। তেল, ধুলো বা জল থাকলে তাপ ঠিক ভাবে সব জায়গায় ছড়াতে পারবে না। এর ফলে রান্নার গতি শ্লথ হয়ে যেতে পারে, ফলে বিদ্যুৎ খরচও বাড়বে।