Advertisement
E-Paper

কেবল বাগান বা ত্বকচর্চা নয়, লেবুর খোসা হেঁশেল পরিপাটি রাখার কাজেও ব্যবহৃত হতে পারে ৫ পন্থায়

লেবুর খোসায় থাকা প্রাকৃতিক অ্যাসিডিক উপাদান তেলচিটে ভাব, দাগ এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ফলে রাসায়নিকযুক্ত ক্লিনজ়ার ব্যবহার না করেও পরিষ্কার রাখা যায় হেঁশেলের জিনিসপত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২০:৪৩
লেবুর খোসা কী ভাবে ব্যবহার করা যায়?

লেবুর খোসা কী ভাবে ব্যবহার করা যায়? ছবি: সংগৃহীত।

লেবুর রস ব্যবহার করার পর খোসাগুলি ফেলে দেন? অথবা বাগানের কাজে ব্যবহার করেন কিংবা মুখে ঘষে নেন? কিন্তু জানেন কি, লেবুর খোসাই রান্নাঘরের নানা জিনিস পরিষ্কার রাখার কাজে দারুণ কার্যকর হতে পারে? লেবুর খোসায় থাকা প্রাকৃতিক অ্যাসিডিক উপাদান তেলচিটে ভাব, দাগ এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ফলে রাসায়নিকযুক্ত ক্লিনজ়ার ব্যবহার না করেও অনেক কাজ সহজ হয়ে যায়।

কী কী কাজে ব্যবহার করবেন লেবুর খোসা?

মিক্সার:মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করা বড়ই ঝক্কির কাজ। ভিতরে ব্লেড ও ব্লেডের নীচে অনেক সময়ে মশলাপাতি জমে থাকে। তার ফলে সহজে দুর্গন্ধও তৈরি হয়ে যায়। সে ক্ষেত্রে কয়েক টুকরো লেবুর খোসা এবং সামান্য জল জারে দিয়ে ১-২ বার ঘুরিয়ে নিন। পরে ধুয়ে ফেললে দুর্গন্ধ অনেকটাই কমে যায় এবং জারও পরিষ্কার হয়।

মাইক্রোওয়েভ:মাইক্রোওয়েভ অভেনের ভিতরে খাবারের ছিটে বা তেলচিটে দাগ জমে যাওয়ার ঘটনা ঘরে ঘরে দেখা যায়। তাই একটি পাত্রে জল এবং কয়েক টুকরো লেবুর খোসা দিয়ে গরম করলে বাষ্প তৈরি হয়। ফলে ময়লাগুলি আলগা হয়ে যায়। এর পর নরম কাপড় দিয়ে মুছে নিলে ভিতরের ময়লা তুলতে সুবিধা হয়। আর লেবুর খোসা ব্যবহারের ফলে ভিতরের দুর্গন্ধ দূর হয়।

চপিং বোর্ড:বেশি দিন ব্যবহার করলেই চপিং বা কাটিং বোর্ডে দাগ পড়ে যায় এবং খারাপ গন্ধ বেরোতে থাকে। কারণ, বোর্ডের খাঁজে খাঁজে ব্যাক্টেরিয়া জমে থাকে। এ ক্ষেত্রেও লেবুর খোসাই সহায় হতে পারে। মাছ, মাংস, সব্জির দাগ ও গন্ধ লেগে থাকা কাটিং বোর্ড ব্যবহার করতে কার ইচ্ছে করে! তাই অল্প লেবুর খোসা নিয়ে চপিং বোর্ডের উপর ঘষতে হবে। তবে তার আগে অল্প নুন ছড়িয়ে দিলে দুর্দান্ত স্ক্রাবার হিসেবে কাজ করবে দুই উপাদান। নুন ও সাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে এসে দাগ ও গন্ধ দুই-ই অনেকটা চলে যায়।

স্টিলের বাসন: সাবান-জল দিয়ে রোজ মাজলেও বাসন থেকে গন্ধ যায় না সহজে। তা ছাড়া আঙুলের ছাপ, জলের দাগ লেগেই থাকে। লেবুর খোসার ভিতরের অংশ দিয়ে বাসনকোসন ঘষে নিয়ে তার পর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। খোসার প্রাকৃতিক তেল জেদি দাগ, ময়লা ও গন্ধ দূর করে নতুনের মতো করে তোলে বাসনগুলিকে।

সিঙ্ক: স্টিলের কল বা সিঙ্কে জলের দাগ পড়ে যায়। লেবুর খোসা দিয়ে আলতো করে ঘষে পরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে সেগুলি অনেক বেশি উজ্জ্বল দেখাতে পারে। সিঙ্কের খারাপ গন্ধও দূর হয়ে যাবে এই পন্থায়।

Lemon Peels Kitchen Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy