Advertisement
E-Paper

তাওয়া পোলাও থেকে তরকারিতে স্বাদ বাড়াবে পাওভাজি মশলা, কিনতে হবে না, বাড়িতেই বানান

পাওভাজির স্বাদের নেপথ্যে থাকে কিন্তু এক বিশেষ মশলা, যা 'পাওভাজি মশলা' নামেই পরিচিত। শুধু পাওভাজিতে নয় মহারাষ্ট্রের জনপ্রিয় তাওয়া পোলাও তৈরিতেও ব্যবহার হয় এটি। কী ভাবে বাড়িতেই বানাবেন পাওভাজি গুঁড়ো মশলা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২০:০১
পাওভাজির মশলায় স্বাদ বাড়ুক রোজের রান্নার। মশলাটি বানাবেন কী ভাবে?

পাওভাজির মশলায় স্বাদ বাড়ুক রোজের রান্নার। মশলাটি বানাবেন কী ভাবে? ছবি:সংগৃহীত।

পাওভাজির নাম শুনলেই জিভে জল আসে অনেকের। মহারাষ্ট্রের এই জনপ্রিয় খাবারটি আসলে পাউরুটির সঙ্গে পরিবেশিত 'ভাজি' বা নানা রকম সব্জির মিশেল। ভাজি তৈরি হয় ঘুগনি, সবজির সঙ্গে বিশেষ মশলা দিয়ে। উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয় অনেকটা মাখন।

পাওভাজির স্বাদের নেপথ্যে থাকে কিন্তু এক বিশেষ মশলা, যা 'পাওভাজি মশলা' নামেই পরিচিত। শুধু পাওভাজিতে নয়, মহারাষ্ট্রের জনপ্রিয় তাওয়া পোলাও তৈরিতেও ব্যবহার হয় এটি। দৈনন্দিনের আলুর তরকারি থেকে চাউমিন— সবেতেই এক চিমটে মশলা স্বাদ বৃদ্ধি করতে পারে। কী ভাবে বাড়িতেই বানাবেন পাওভাজি গুঁড়ো মশলা? রন্ধনশিল্পী বিকাশ খন্না শেখালেন পদ্ধতি।

উপকরণ হিসেবে লাগবে:

৪-৫টি শুকনো লঙ্কা

১/৪ কাপ গোটা ধনে

৬টি লবঙ্গ

১ টেবিল চামচ জিরে

দেড় চামচ মৌরি

৪টি বড় এলাচ

২-৩ টুকরো দারচিনি

পদ্ধতি:

মশলা তৈরির জন্য প্রথমে শুকনো খোলায় লাল লঙ্কা নাড়াচাড়া করে নিন। গন্ধ বেরোবে, কিন্তু দেখতে হবে যেন পুড়ে না যায়। কালো ছোপ ধরলে চলবে না।

শুকনো লঙ্কা মিক্সারে দিন। বাকি সমস্ত মশলা কড়াইয়ে হালকা নাড়াচাড়া করে নিন। খেয়াল রাখতে হবে, সেগুলি যেন নীচে থেকে ধরে না যায়। মশলার গন্ধ বার হতে শুরু করলে আঁচ বন্ধ করে দিতে হবে। মশলা ঠান্ডা হলে মিক্সারে দিন। এর সঙ্গে দিতে হবে এক চামচ করে হলুদ, আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সৈন্ধব নুন।

তবে টানা মিক্সার চালিয়ে রাখলে হবে না। রন্ধনশিল্পীর পরামর্শ, মিক্সার চালাতে হবে, বন্ধ করতে হবে। এই ভাবে বার কয়েক করলেই মশলা গুঁড়িয়ে যাবে।

Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy