শীত শীত ভাব এখনও আছে। এমন দিনগুলিতে একটু ভাজাভুজি খেতে মন চায় সবারই। সন্ধ্যা হলেই ফিশ ফ্রাই, চপ, শিঙাড়া কিংবা ডিমের ডেভিল হাতছানি দেয়। আর রাতে লুচি মাংস হলে মন্দ হয় না। তবে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখের চোখরাঙানিতে লোভ হলেও ভাজাভুজি থেকে দূরে থাকেন অনেকেই। তেলেভাজা স্বাস্থ্যকর করার উপায় আছে কি?
তেলেভাজাকে কখনওই স্বাস্থ্যকর খাবার বলা যায় না। তেলে ভাজা খাবার বেশি খেলে অতিরিক্ত পরিমাণে স্নেহপদার্থ শরীরে প্রবেশ করে। দোকানে যে ধরনের তেল ব্যবহার করা হয়, তা মোটেই স্বাস্থ্যকর নয়। কিন্তু বাড়িতে ভাজাভুজি করলে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা যায়। একটি টোটকা মেনে চললে কিন্তু ভাজাভুজি রান্নার সময় তেলের খরচ কমবে।
অনেক সময় রন্ধনশিল্পীদের দেখা যায় ভাজাভুজি রান্নার সময় গরম তেলে খানিকটা নুন ছড়িয়ে দিতে। কেন তাঁরা এই কাজ করেন জানেন? তেলে নুন মিশিয়ে দিলে ভাজাভুজি কম তেল টানে। অর্থাৎ আপনি সাধারণ তেলে লুচি ভেজে সেটিকে টিস্যুর উপরে রাখলে দেখবেন, তেল একেবারে ভর্তি। তবে এ বার গরম তেলে খানিকটা নুন মিশিয়ে তার পর সেই তেলে লুচি ভাজুন। ভাজা লুচি টিস্যু পেপারে রেখে দেখবেন, তেল অনেকটাই কম টেনেছে।