Advertisement
E-Paper

গরমের সময়ে সারমেয়র দেহেও জলশূন্যতার ঝুঁকি! কোন কৌশলে বেশি জল খাওয়াবেন পোষ্যকে

যথেষ্ট জল না পেলে ক্লান্তি, দম ফুরিয়ে যাওয়া, আলস্য বা নানা ধরনের অসুস্থতার মতো সমস্যা দেখা দিতে পারে পোষ্যদের মধ্যে। তাই গরমের সময়ে সারমেয়র জল খাওয়ার দিকে বাড়তি নজর দেওয়া জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৯:১৬
পোষ্যের শরীরে জলশূন্যতার ঝুঁকি কমাবেন কী ভাবে?

পোষ্যের শরীরে জলশূন্যতার ঝুঁকি কমাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

গরম বাড়লে শুধু মানুষ নয়, পোষ্যদের ক্ষেত্রেও জলশূন্যতার ঝুঁকি বেড়ে যায়। সারমেয়রা মানুষের মতো ঘামতে পারে না। তাই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং সক্রিয় থাকতে তাদের পর্যাপ্ত জল অত্যন্ত দরকার। যথেষ্ট জল না পেলে ক্লান্তি, দম ফুরিয়ে যাওয়া, আলস্য বা নানা ধরনের অসুস্থতার মতো সমস্যা দেখা দিতে পারে পোষ্যদের মধ্যে। তাই গরমের সময়ে আপনার সারমেয়র জল খাওয়ার দিকে বাড়তি নজর দেওয়া জরুরি। কয়েকটি সহজ অভ্যাস মেনে চললেই পোষ্যদের জলশূন্যতার ঝুঁকি অনেকটাই কমানো যায়। সতর্ক থাকতে হবে আপনাকে।

পোষ্যদের জলশূন্যতার ঝুঁকি কমাবেন কী ভাবে?

পোষ্যদের জলশূন্যতার ঝুঁকি কমাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

কোন কোন কৌশলে পোষ্য সারমেয়র দেহের জলাভাবের ঝুঁকি এড়ানো যায়?

১. পরিষ্কার জল রাখুন নাগালে- পোষ্যের সামনে সব সময় পরিষ্কার ও টাটকা জল রাখতে হবে। গরমের সময়ে দিনে কয়েক বার জল বদলে দেওয়া উচিত। এতে জল ঠান্ডা ও সতেজ থাকে এবং পোষ্যরাও বেশি করে জল খেতে চায়। বাড়ির নানা কোণে, এমনকি বারান্দা ও ছাদেও জলের বাটি রেখে দিতে পারেন। যেখানে যেখানে পোষ্যের যাতায়াত রয়েছে, সেই জায়গাগুলিতে জল রেখে দিন। পোষ্যের যখনই তেষ্টা পাবে, তখন সহজেই জল পেয়ে যাবে। ফলে তাদের শরীরে জলের ঘাটতি হওয়ার সম্ভাবনা কমবে।

২. খাবারে জলের পরিমাণ বাড়ান- শরীরের জলের চাহিদা কেবল পানীয় জল থেকেই মেটে না, খাবার থেকেও মেটে। এমন সমস্ত খাবার খাওয়াতে পারেন পোষ্যকে, যাতে জলের পরিমাণ বেশি রয়েছে। যেমন, ব্রথ (মাংস সেদ্ধ জল) দিলে তৃপ্তি করে খাবে পোষ্য সারমেয়। শুধু শুকনো খাবার খাওয়ানোর বদলে মাঝে মাঝে আর্দ্র খাবার দিলে পোষ্যদের শরীরে অতিরিক্ত জল পৌঁছোয়। অনেক সময়ে শুকনো খাবারের সঙ্গে সামান্য জল বা ঝোল মিশিয়েও দেওয়া যেতে পারে। এতে খাবারের সঙ্গে শরীরে তরলের পরিমাণও বাড়বে।

৩. বাইরে গেলে জল রাখুন- পোষ্যকে নিয়ে হাঁটতে বা বাইরে কোথাও গেলে অবশ্যই সঙ্গে জল রাখা উচিত। গরমের দিনে হাঁটা বা খেলাধুলার সময়ে দ্রুত জলশূন্যতা তৈরি হতে পারে। তাই মাঝেমধ্যে থেমে তাদের জল খাওয়ানো জরুরি। একটি জলের বোতল এবং বাটি সঙ্গে রাখুন।

৪. ফল ও সব্জি খাওয়ান- যে সমস্ত ফল ও সব্জিতে জলের পরিমাণ বেশি, সেগুলি পোষ্যের ডায়েটে রাখুন। তবে সারমেয়র জন্য উপযুক্ত, এমন ফল-সব্জিই রাখতে হবে। শসা বা বীজ ছাড়া তরমুজ ইত্যাদি দিতে পারেন। প্রাকৃতিক মিষ্টি ফল খেতে ভালবাসে এই পোষ্যেরা। এর মাধ্যমে তাদের দেহে জলের পরিমাণ বৃদ্ধি পাবে।

pet dogs Hydration Tips Pet Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy