পরিবারের সকলে জানেন তিনি মারা গিয়েছেন। কারণ পরিবার-পরিজনের উপস্থিতিতেই তাঁর দেহ সৎকার হয়েছিল। সকলকে অবাক করে ঘটনার ৯ বছর পর ফিরে এলেন সেই ‘মৃত’ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চিনের একটি শহরে। জুহো কাংগুলো নামে ৯১ বছর বয়সি ওই ব্যক্তিকে এত বছর পর ফিরে আসতে দেখে প্রকৃত অর্থে ভূত দেখার মতোই চমকে ওঠেন বাড়ির সদস্যরা।
২০১৪ সালে একটি গাড়ি দুর্ঘটনায় জুহোকে মৃত বলে শনাক্ত করেছিলেন তাঁর পরিজনেরা। দু’টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় হাড়, মাংস বেরিয়ে দেহ চেনার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু দেহটি যে জুহোরই তা নিয়ে নিশ্চিত ছিলেন আত্মীয়রা। সেই সময় দেহের ময়নাতদন্তও হয়নি। দুর্ঘটনার স্থান থেকেই তড়িঘড়ি মৃতদেহে নিয়ে গিয়ে শেষকৃত্যে সম্পন্ন করা হয়।
এই ঘটনার প্রায় এক দশক পর জুহো নিজের গ্রামে ফেরেন। বাড়ি চিনতে না পারায় রাস্তার ধারেই থাকতে শুরু করেন। নতুন লোক দেখে গ্রামবাসীদেব মনে সন্দেহ জাগে। তাঁরা স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করায় বৃদ্ধ নিজের পরিচয় দেন। বৃদ্ধের পরিচয় চাউর হতেই জুহোর নাতি ছুটে আসেন। তিনি দাদুকে চিনতে পারেন। এত দিন পর বাড়িতে ফিরে আবেগতাড়িত হয়ে পড়েন জুহো। এই কয়েক বছর তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে জিজ্ঞেস করা হলে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে ঝুহোর নাতির কথায়, ‘‘দাদুকে যে ফিরে পেয়েছি এই অনেক। এত দিন কোথায় ছিলেন তা আর এখন জেনে লাভ নেই।’’ তবে ৯ বছর আগে জুহো ভেবে কার সৎকার করলেন, তা নিয়েই একটা প্রশ্ন জাগছে সকলের মনে।