বাথরুম অপরিষ্কার থাকলে আমাদের নিজেদের ব্যবহার করতে বিরক্ত লাগে। বর্ষার স্যাঁতসেতে আবহাওয়ায় বাথরুম নোংরাও হয় তাড়াতাড়ি। তাই কয়েকদিন অন্তর বাথরুম পরিষ্কার করে নেওয়াই ভাল। তবে অনেকেই বাথরুম পরিষ্কার করার নাম শুনলেই ভয় পেয়ে যান। ভাবেন অনেক সময় সাপেক্ষ এবং কঠিন কাজ এটি। অবশ্য আদপে তা নয়। খুব সহজেই বাথরুমের টাইলস পরিষ্কার করে নিতে পারবেন। জেনে নিন কী করে।
১) বেকিং সোডার স্ক্রাব: ১/৪ কাপ সাদা ভিনেগার, ১/৪ কাপ বেকিং সোডা, ১ টেবিল চামচ বাসন মাজার তরল সাবান এবং ৫ লিটার গরম জল মিশিয়ে মেশান। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। মিশ্রণটি টাইলসের উপরে স্প্রে করে নিন। আধ ঘণ্টার পর ভাল করে ঘষে পরিষ্কার করে নিন। হাতে একটা গ্লাভস পরে বেশ খানিকটা কাগজে বেকিং সোডা মাখিয়ে টাইলসের উপর ঘষলেও ঝকঝকে হয়ে যায়।
২) নুনের স্ক্রাব: রাতে ঘুমোনোর আগে বেশ খানিকটা নুন শৌচাগারের টাইলসে মাখিয়ে রেখে দিন। সকালে একটি ব্রাশ দিয়ে ঘষে নিলেই দেখবেন চকচকে হয়ে গিয়েছে।
৩) হাইড্রোজেন পারক্সাইড স্প্রে: একই পরিমাণে জল ও হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে নিন। এবার একটা স্প্রে বোতলের সাহায্যে টাইলসের দাগের উপর স্প্রে করুন। টাইলসের যে কোনও দাগ মুছতে এই মিশ্রণটি খুবই কার্যকরী।