মার্ক জ়াকারবার্গের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ইলন মাস্কের! মেটা নিয়ন্ত্রিত হোয়াট্সঅ্যাপকে টেক্কা দিতে চলে এল মাস্কের ‘এক্স-চ্যাট’। নতুন মেসেজিং অ্যাপ হোয়াট্সঅ্যাপের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। পাশাপাশি রয়েছে আরও একগুচ্ছ বাড়তি সুবিধা। মেসেজিং অ্যাপের দুনিয়ায় হোয়াট্সঅ্যাপের একাধিপত্য ভেঙে দিতেই কি মাস্কের এই প্রচেষ্টা? আলোচনা শুরু হয়েছে তা নিয়ে।
কী কী সুবিধা দেবে ‘এক্স-চ্যাট’?
ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাটের সুবিধা তো থাকবেই, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চ্যাট বক্সে কথা বলতে বলতেই ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সির মাধ্যমে টাকা লেনদেনের সুবিধাও থাকবে। অডিয়ো, ভিডিয়ো কলের পাশাপাশি জ়ুম বা গুগ্ল মিট-এর মতো ভিডিয়ো কনফারেন্সিং ফিচারও থাকবে এতে।
ভয়েস মেসেজ বা ভিডিয়ো এডিটের সুবিধা দেবে এক্স-চ্যাট।
আরও পড়ুন:
এক বার পড়া হয়ে গেলে মেসেজ, অডিয়ো বা ভিডিয়ো নিজে থেকেই ডিলিট হয়ে যাওয়ার অপশনও থাকবে।
ফোন নম্বর ছাড়াই ইউজ়ার আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা যাবে এবং অন্যান্য ব্যবহারকারীদের কাছে ব্যক্তিগত ফোন নম্বর গোপনও রাখা যাবে।
মাস্ক জানিয়েছেন, গ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে এক্স-চ্যাট অনেক বেশি কঠোর। এর প্রযুক্তি আরও বেশি সুরক্ষিত। ব্যবহারকারীদের চ্যাট বক্স, মেসেজ, সবই সুরক্ষিত থাকবে। এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়ো প্রোফাইল এবং স্প্যাম মেসেজ চিনে নেওয়ার সুবিধাও থাকবে। শুধু তা-ই নয়, স্বয়ংক্রিয় ভাবে তা ব্লক করে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
এক্স-চ্যাট আইফোন ও অ্যান্ড্রয়েডে চলে এসেছে। গুগ্ল প্লে স্টোর থেকে তা ডাউনলোড করার ব্যবস্থাও রয়েছে।'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি লগইনও করা যাবে। ‘এক্স’-এ অ্যাকাউন্ট না থাকলে ইমেল বা ইউজ়ার আইডি দিয়ে সাইন-আপ করা যাবে।