বাড়িতে কিছু থাকুক আর না-ই থাকুক, ফ্রিজে চিকেন থাকবেই। অফিসে বেরোনোর তাড়াহুড়োয় হোক বা অফিস থেকে ফিরে চটজলদি কিছু বানাতে হলে মুরগিই ভরসা। তবে মুরগি মানে সেই একই ঝাল-ঝোল। মুরগির চেনা ঝোলের স্বাদ বদলে দিতে পারেন কিছু সাধারণ উপকরণ দিয়েই। বিরাট সময় খরচ করতে হবে না, পরিচিত ৫ উপকরণ মিশিয়ে দিলেই একেবারে বদলে যেতে পারে চেনা স্বাদ।
দই: দই মুরগির ঝোলে ঘন আর ক্রিমি ভাব আনে। দই ব্যবহারের ফলে গ্রেভি মোলায়েম আর ঘন হয়। তা ছাড়া মুরগি নরম করতেও দই সাহায্য করে। রান্নার কিছু ক্ষণ আগে মুরগির মাংসে দই মাখিয়ে রাখলে স্বাদ বাড়বে আর মাংসও ছিবড়ে হয়ে যাবে না।
কসুরি মেথি: সাধারণ ভাবে মুরগির কষা বানিয়ে নিন প্রথমে। এ বার রান্না শেষ করার আগে তাতে মিশিয়ে দিন শুকনো তাওয়ায় সেঁকা কসুরি মেথি। দই হাতের তালুতে রেখে গুঁড়ো করে দিলে স্বাদ আর গন্ধ, দুই-ই বাড়বে।
সর্ষের তেল: সাদা তেলের বদলে সর্ষের তেলে রান্না করুন। সর্ষের তেলের ঝাঁঝালো স্বাদ আর গন্ধ, দুই-ই মাংসের ঝোলে আলাদা মাত্রা যোগ করে।
গোটা রসুন: চম্পারণ কায়দায় মাংস রাঁধার সময় গোটা রসুন ব্যবহার করা হয়। বাড়িতে সাধারণ মশলা দিয়ে মাংস কষানোর সময়েও গোটা রসুন ব্যবহার করতে পারেন। মাংস খাওয়ার সময় গোটা রসুনের স্বাদ এক বার নিলে বার বার নিতে ইচ্ছে করবে।
কাজুবাদাম বাটা: পেঁয়াজ, আদা-রসুন আর গুঁড়োমশলা দিয়ে মাংস কষানোর সময় তার সঙ্গে মিশিয়ে দিন কিছুটা কাজুবাদাম বাটা। এতে গ্রেভির স্বাদ বাড়বে আর ঝোলও ঘন হবে।