Advertisement
E-Paper

বর্ষার মরসুমে গরম ভাতের সঙ্গে থাকুক পূর্ববঙ্গীর রান্না কাসনপোড়া ইলিশের ঝোল, রাঁধা খুব সহজ

ঝোল, ঝাল, ভাপা, সব রকম ভাবেই ইলিশ খাওয়া হয়। এক বার রান্না করে দেখুন পূর্ববঙ্গীয় কায়দায় ইলিশের কাসনপোড়া ঝোল। বড়ি, বেগুন দিয়েও ঝোল হতে পারে, আবার শুধুই মাছের ঝোল হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৯:১৯
ইলিশের কাসন পোড়া ঝোল খেয়ে দেখুন এই বর্ষায়।

ইলিশের কাসন পোড়া ঝোল খেয়ে দেখুন এই বর্ষায়। ছবি:সংগৃহীত।

বর্ষার মরসুম মানেই টাটকা তাজা ইলিশ। সে খিচুড়ির সঙ্গে হোক বা গরম ভাতে, ঝাল, ঝোল, অম্বল, নানা ভাবেই এই মাছ খাওয়া যায়। স্বাদ এবং গন্ধই এই মাছকে আলাদা করেছে অন্য মাছের থেকে।

ঝোল, ঝাল, ভাপা, সব রকম ভাবেই ইলিশ খাওয়া হয়। এক বার রান্না করে দেখুন পূর্ববঙ্গীয় কায়দায় ইলিশের কাসনপোড়া ঝোল। বড়ি, বেগুন দিয়েও ঝোল হতে পারে, আবার শুধুই মাছের ঝোল হতে পারে। রান্নায় স্বাদ বাড়ায় কাসনপোড়ার স্বাদ এবং গন্ধ। কাসন হল সর্ষে। বাংলাদেশে সর্ষে পুড়িয়ে মাছ রান্নার চল রয়েছে।

উপকরণ

৪ টুকরো ইলিশ মাছ

২ টেবিল চামচ কালো সর্ষে

২ টেবিল চামচ সাদা সর্ষে

১টি শুকনো লঙ্কা

৪-৫টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ কালোজিরে

আধ চা-চামচ হলুদগুঁড়ো

রান্নার জন্য সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী: কালো এবং সাদা সর্ষে, শুকনো লঙ্কা, শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিন। কাসনপোড়া মানে সর্ষেপোড়া হলেও, তা পুড়ে গেলে তেতো লাগবে। তাই পুড়ে গেলে চলবে না।

কড়াইয়ে তেল দিয়ে নুন-হলুদ মাখানো ইলিশ হালকা ভেজে নিন। ওই তেলে কালোজিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। একটু গরম জল দিয়ে নুন, হলুদ যোগ করুন। জল ফুটে গেলে মাছ দিয়ে ফুটিয়ে নিন। যদি বেগুন, বড়ি দিয়ে ঝোল করতে হয়, তা হলে আগে থেকে সেগুলি ভেজে ঝোলে ফোটাতে হবে। সব শেষে দিন শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া সর্ষের গুঁড়ো। ঢাকা দিয়ে মিনিট ৫ রান্না করলেই তৈরি হয়ে যাবে ইলিশের কাসনপোড়া ঝোল।

Hilsa Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy