Advertisement
E-Paper

কমছে এক দিনের ম্যাচে ওভারের সংখ্যা, বিশ্ব জুড়ে নতুন টি২০ প্রতিযোগিতা! বড় ভাবনা জয় শাহের আইসিসির

: বিশ্বক্রিকেটে বড় বদলের কথা ভাবছে আইসিসি। এক দিনের ম্যাচে ওভারের সংখ্যা ৫০ থেকে কমানোর ভাবনা চলছে। বিশ্ব জুড়ে একটি নতুন টি-টোয়েন্টি লিগ চালুর ভাবনাও রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২০:০১
cricket

জয় শাহ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টির প্রভাব কি আরও এক বার পড়তে চলেছে এক দিনের ক্রিকেটে? এমনিতেই ছোট ফরম্যাটের দাপটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৫০ ওভারের ক্রিকেটে। দর্শকেরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। সিরিজ়ের সংখ্যা কমছে। এ বার শোনা যাচ্ছে, এক দিনের ম্যাচে ওভারের সংখ্যা ৫০ থেকে কমানোর ভাবনা চলছে। বিশ্ব জুড়ে একটি নতুন টি-টোয়েন্টি লিগ চালুর ভাবনাও রয়েছে। বিশ্বক্রিকেটে বড় বদলের কথা ভাবছে জয় শাহের বোর্ড।

‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, বুধবার এডিনবার্গে আইসিসির ১২ পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিদের বৈঠক রয়েছে। সেখানেই এই সব বিষয়ে আলোচনা হবে। এই বিষয়ে আমেরিকার একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। যাতে ভবিষ্যতে ক্রিকেটের তিনটি ফরম্যাটই ভাল ভাবে চালানো যায়, তিনটি ফরম্যাটেই দর্শকদের উৎসাহ থাকে, সেই কারণেই এই বদলের ভাবনা চলছে।

ক্রিকেটের জনপ্রিয়তা কয়েকটি দেশেই সীমাবদ্ধ। এখনও বিশ্ব জুড়ে তার প্রচার হয়নি। এখন অবশ্য অনেক দেশ ক্রিকেট খেলছে। কিন্তু তার মান খুব খারাপ। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় তা দেখা যাচ্ছে। তার উপর টি-টোয়েন্টির দাপটে বাকি দুই ফরম্যাট সমস্যায় পড়েছে। বিশেষজ্ঞদের মতে, টেস্টের থেকেও এক দিনের ক্রিকেট বেশি সমস্যায়। এই প্রসঙ্গে সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, “যদি ক্রিকেটকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে হয় ও অলিম্পিক্সে জনপ্রিয়তা অর্জন করতে হয় তা হলে টি-টোয়েন্টির উপরেই জোর দিতে হবে। টি-টোয়েন্টি থেকে যাবে। তবে এক দিনের ক্রিকেট নিয়ে আমার সন্দেহ আছে।”

এই পরিস্থিতিতে তিন বছরের সাইকেল এক দিনের ক্রিকেটকে ১৮ মাসেই সীমাবদ্ধ রাখতে চাইছে আইসিসি। অর্থাৎ, তিন বছরের মধ্যে দেড় বছর এক দিনের ক্রিকেট হবে। ওভারের সংখ্যা কমালে খেলার সময় কমবে। ফলে আগ্রহ বাড়বে। তেমন ভাবেই টেস্ট ক্রিকেটও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখার ভাবনা চলছে। আগে যেমন বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ হত, তেমনই একটি প্রতিযোগিতা শুরু করতে চাইছে তারা। পাশাপাশি এশিয়া কাপের মতো উপমহাদেশীয় প্রতিযোগিতার সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা চলছে।

২০২৭ সালের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্য়া বাড়িয়ে ১২ করতে চাইছে আইসিসি। এখনকার ন’দলের পাশাপাশি আয়ারল্যান্ড, জ়িম্বাবোয়ে ও আফগানিস্তানকে সুযোগ দেওয়া হতে পারে। তবে দ্রুত এই বদল করা মুশকিল। আপাতত যত দিন পর্যন্ত আইসিসির সূচি করা রয়েছে, তার পরেই এই নতুন ভাবনা কার্যকর করতে পারবেন জয় শাহেরা।

ICC Jai Shah

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy