ক্রমশ বেড়ে চলা ডায়াবিটিস, কিডনির অসুখ নিয়ে চিকিৎসকেরা যেমন চিন্তায়, তেমনই মাথাব্যথার বিষয় হয়ে উঠছে ফ্যাটি লিভার। একটা সময় ছিল যখন মনে করা হত শুধু মদ্যপান, ধূমপানেই লিভারের বড় ক্ষতিটি হয়। কিন্তু চিকিৎসকেরা বলছেন নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ঝুঁকিও দিনে দিনে বাড়ছে।
ফ্যাটি লিভারকে নিঃশব্দ ঘাতক বা ‘সাইলেন্ট কিলার’ বলা হয়, কারণ শুরুর দিকে লিভারের রোগের উপস্থিতি বুঝতেই পারা যায় না। ফ্যাটি লিভারের সমস্যা নিয়ে সময়ে সচেতন না হলে, পরবর্তী কালে সিরোসিস অফ লিভার এমনকি ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে। শুধু মদ্যপান নয়, দৈনন্দিন জীবনে খাওয়াদাওয়ার ভুল অভ্যাসও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। মুশকিল হল, অজান্তে সেই খাদ্যাভ্যাসে সকলেই কম-বেশি রপ্ত হয়ে পড়ছেন। চিকিৎসকেরা সাবধান করছেন তা নিয়ে।
আরও পড়ুন:
চিনি যুক্ত পানীয়: যত দিন যাচ্ছে, স্বাদের উপযোগী কার্বনযুক্ত পানীয় আসছে বাজারে। কোনওটি হজম করায়, কোনওটি স্বাদে ভাল। রকমারি ফলের রসও মিলছে, যাতে ব্যবহার করা হচ্ছে ফ্রুক্টোজ়, কৃত্রিম স্বাদ এবং গন্ধ। বাজারচলতি এই পানীয় ছোট থেকে বড়, এমনকি বয়স্করাও খান যখন-তখন। আদতে স্বস্তিদায়ক মনে হলেও বিপদ রয়েছে এতেই। শর্করা এবং ফ্রুক্টোজ়যুক্ত এই পানীয়গুলি নিঃশব্দেই লিভারের ক্ষতি করে। নিয়ম করে খাওয়ার অভ্যাসে লিভারের বড়সড় ক্ষতি হতে পারে। বাজারচলতি পানীয়ের বদলে ঘরে তৈরি ছাস, লস্যি, লেবুর শরবতের মতো পানীয় বেছে নিতে বলছেন চিকিৎসকেরা।
প্রক্রিয়াজাত খাবার: রাস্তার মোড়ে মোড়ে এখন চকচকে মল অথবা দোকান। সেখানে থরে থরে সাজানো রকমারি খাবার। সে সবের প্রলোভন এড়ানো কঠিন। চিকিৎসকেরা প্রক্রিয়াজাত খাবার এবং পিৎজ়া, বার্গারের মতো জ়াঙ্ক ফুড খাওয়ার প্রবণতা নিয়েও সতর্ক করছেন।
ব্যথানাশক ওষুধ: ব্যথার ওষুধ যখন-তখন খেয়ে ফেলার অভ্যাস আছে অনেকেরই। ব্যথাবেদনা হলেই আইবুপ্রোফেন জাতীয় ওষুধ মুঠো মুঠো খেয়ে ফেলতে দেখা যায়। সঠিক ডোজ় না জেনেই, যে কোনও ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে ফেলার যে প্রবণতা, তা-ই কিন্তু লিভারের জটিল অসুখ ডেকে আনছে। এমনটাই দাবি ব্রিটেনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের।
ভেষজে বিপদ! বাজারে নানা রকম ভেষজ সাপ্লিমেন্ট পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া না বুঝে যে কোনও জিনিস খেলেই যে লিভার ভাল থাকবে তা নয়। বরং উল্টোটাও হতে পারে। ভেষজ মানেই যে তা শরীরের ক্ষতি করবে না, তেমন কোনও কথা নেই।
অসুখ: শুধু ভুল খাদ্যাভ্যাস নয়, অনেক সময়ে লিভারের অসুখের ফলেও লিভারের স্থায়ী ক্ষতি হতে পারে। হেপাটাইটিস বি, সি লিভারের ক্ষতি করে। এই ধরনের অসুখ থেকে বাঁচতে সঠিক টিকাকরণ, পরিশুদ্ধ পানীয় জল খাওয়া, হাত ধুয়ে খাবার খাওয়া জরুরি।