ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। ম্যাচের আগে তার হাতে ভারতীয় দলের টুপি তুলে দেন তিলক বর্মা। অভিষেক হতে পারে জানার পর শুধু এক জনকেই খবরটা দিয়েছিল ১৫ বছরের ব্যাটার। দেশের হয়ে খেলার স্বপ্ন সত্যি হওয়ার সমাজমাধ্যমে একটি বার্তাও দিয়েছে বৈভব।
শনিবার ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দেওয়া সাক্ষাৎকারে বৈভব বলেছে, ‘‘খুব ভাল লাগছে। যে কোনও ভারতীয়ের জন্যই ভারতের হয়ে খেলা সবচেয়ে বড় ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারই চায় দেশের প্রতিনিধিত্ব করতে এবং দেশকে গর্বিত করতে। সবার আগে বাবাকে খবরটা দিয়েছিলাম। বাবা আমার সঙ্গেই আছেন। একই ঘরে আছি আমরা। অভিষেক হতে পারে, এটা আর কাউকে বলিনি। মাকেও না। আমার কোচ রোমি স্যরকেও না। দেশের হয়ে খেলতে পারি শুনে বাবা খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, ‘এ ভাবে খেলে যা। একদম চাপ নিস না।’ নিজের ব্যাটিংয়ের উপর আস্থা রাখারও পরামর্শ দেন বাবা।’’
প্রথম ম্যাচে অবশ্য বৈভবের চেনা ব্যাটিং দেখা যায়নি। ওপেন করতে নেমে ১০ বলে ১৪ রান করায় স্বপ্নের অভিষেক হয়নি। তা নিয়ে আক্ষেপ নেই কিশোর ক্রিকেটারের। দেশের হয়ে খেলার সুযোগ পেয়েই কৃতজ্ঞ বৈভব। ম্যাচের সমাজমাধ্যমে এক বার্তায় বৈভব বলেছে, ‘‘প্রচুর বার্তা পেয়েছি। সকলের শুভেচ্ছায় আমি অভিভূত। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং সিনিয়রদের ভালবাসায় আমি আপ্লুত। এমন সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি ভীষণ কৃতজ্ঞ। প্রতি বার দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সব কিছুর জন্য সকলকে ধন্যবাদ।’’
আরও পড়ুন:
ম্যাচের আগেও সমাজমাধ্যমে একটি বার্তা দেয় বৈভব। তাতে বিহারে ব্যাটার লেখে, ‘‘আমরা সকলে মিলে এত দিন যে স্বপ্ন দেখছিলাম, তা বাস্তব হতে চলেছে। যাঁরা আমার ভাল-খারাপ সবকিছুতে পাশে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’’