ডাল, ভাতের সঙ্গে বেগুন ভাজা থাকলে মন খুশিতে ভরে ওঠে অনেকেরই। আবার সন্ধ্যায় মুড়ির সঙ্গে বেগুনি থাকলে জমে যায় টিফিন। নিরামিষ তরকারি তো বেগুন ছাড়া অসম্পূর্ণ। বেগুন আর কালোজিরে দিয়ে ইলিশের পাতলা ঝোলের স্বাদ মুখে লেগে থাকে। তবে মাছ, মাংস কিংবা অন্যান্য সব্জি দিয়ে যেমন নানা বাহারি পদ বানানো যায়, বেগুন দিয়ে চেনা দু’-একটি খাবার ছাড়া কী বানানো যায়, সেটা অনেকেই বুঝতে পারেন না। বেগুন দিয়ে বানিয়ে ফেলতে পারেন ধনিয়া বেগুন। রইল রেসিপি।
উপকরণ:
১টি বেগুন
১ কাপ ধনেপাতাকুচি
৮-১০টি রসুনের কোয়া
৩-৪টি কাঁচালঙ্কা
আধ কাপ টম্যাটোকুচি
আধ চা চামচ কালোজিরে
১টি শুকনোলঙ্কা
১ চা চামচ শুকনোলঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
স্বাদমতো নুন, চিনি
পরিমাণ মতো সর্ষের তেল
প্রণালী:
প্রথমে বেগুনটি গোল গোল করে কেটে নিন। এ বার নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। একটি মিক্সিতে ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন আর টম্যাটো ভাল করে বেটে নিন। এ বার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখুন। সেই তেলেই কালোজিরে, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা ধনেপাতার মিশ্রণ আর হলুদ দিয়ে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে অল্প গরম জল, নুন আর চিনি দিয়ে ঝোল ফুটতে দিন। এ বার কড়াইয়ে বেগুনগুলি সাজিয়ে ঢেকে দিন। মিনিট দুয়েক পর ঢাকা খুলে আলতো হাতে বেগুনগুলি উলটে দিন। এ বার উপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল আর ধনেপাতার কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ধনিয়া বেগুন।