Advertisement
E-Paper

নুডল্‌স তা-ও আবার স্বাস্থ্যকর! খুদের টিফিনে বানিয়ে দিন টক-ঝাল-মিষ্টি লাউয়ের নুডল্‌স

লাউ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু নুডল্‌স। শুনতে অবাক লাগলেও এই রেসিপির স্বাদ এক বার চেখে দেখলে বার বার খেতে মন চাইবে। রইল রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৩২
লাউয়ের নুডল্‌স চেখে দেখবেন নাকি?

লাউয়ের নুডল্‌স চেখে দেখবেন নাকি? ছবি: সংগৃহীত।

নুডল্‌স এমন একটি খাবার যা খেতে শিশুরা সব থেকে বেশি ভালবাসে। তবে ময়দার তৈরি প্যাকেটজাত নুডল্‌সগুলি শরীরের জন্য সবচেয়ে খারাপ। বাড়িতে যদি এর স্বাস্থ্যকর বিকল্প সহজেই বানিয়ে ফেলা যায়, তা হলে খুদের স্কুলের টিফিনে হোক বা বিকেলের স্ন্যাক্সে, কোনও রকম চিন্তা ছাড়াই নুডল্‌স দিতে পারেন অভিভাবকেরা। লাউ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু নুডল্‌স। শুনতে অবাক লাগলেও এই রেসিপির স্বাদ এক বার চেখে দেখলে বার বার খেতে মন চাইবে।

উপকরণ:

১টি লম্বা লাউ

২টি ডিম

১৫০ গ্রাম মুরগির মাংস

১০০ গ্রাম ছোট চিংড়ি মাছ

১ কাপ লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম (সরু ও লম্বা করে কাটা)

১ কাপ পেঁয়াজ, গাজর, ব্রকোলি, মাশরুম (সরু ও লম্বা করে কাটা)

দেড় টেবিল চামচ আদা ও রসুন কুঁচি

পরিমাণ মতো সাদা তেল

স্বাদমতো নুন আর গোলমরিচ

১ টেবিল চামচ চিলিফ্লেক্স

২ টেবিল চামচ সয়া সস্

১ টেবিল চামচ ভিনিগার

২ টেবিল চামচ টম্যাটো সস্

১ টেবিল চামচ রেড চিলি সস্

৩ টেবিল চামচ পেঁয়াজ শাক কুচি

১ টেবিল চামচ ভাজা তিল

প্রণালী:

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নিন। এ বার পিলারের সাহায্যে লম্বা লম্বা করে নুডল্‌সের মতো করে ছাড়িয়ে নিন। এ বার বানিয়ে রাখা লাউয়ের নুড্‌লসগুলিতে নুন মাখিয়ে রেখে দিন মিনিট পাঁচেক। নুডল্‌স থেকে জল ভাল করে চিপে বার করে নিন। কড়াইতে তেল গরম করে রসুন-আদা কুচি দিয়ে একে একে মাংস, ডিম আর চিংড়িমাছ ভেজে নিন। কড়াইতে দিয়ে দিন সব রকম সব্জি আর মাশরুম। ভাজা ভাজা হয়ে এলে একে একে সব রকম সস্, ভিনিগার, নুন আর গোলমরিচ মিশিয়ে নিন ভাল করে। এ বার মশলার সঙ্গে মিশিয়ে দিন লাউয়ের নুডল্‌স। চড়া আঁচে কিছু ক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে ভাজা তিল ছড়িয়ে পরিবেশন করুন লাউয়ের নুডল‌্স।

Noodles Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy