Advertisement
E-Paper

হালিম তবু হালিম নয়! দোলের ভূরিভোজে রেঁধে ফেলুন মাংসের মুসুর কালিয়া, মনে করাবে হালিমের স্বাদ

দোল মানেই জমিয়ে ভূরিভোজ! দোলের ভোজে মাংসের নতুন কী পদ বানানো যায়, ভাবছেন? বানিয়ে ফেলতে পারেন মাংসের মুসুর কালিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৫
এ এক অন্য ‘হালিম’।

এ এক অন্য ‘হালিম’। ছবি: সংগৃহীত।

দোলের দিন বাঙালি কী খায়? ভাবতে বসলে পাল্টা প্রশ্ন আসবে, কী খায় না! খাদ্যরসিক এই জাতি দোলের দিন মাংস-ভাত থেকে শুরু করে দানাদার, মালপোয়া, মঠ-ফুটকড়াই, ঠান্ডাই, গুজিয়া, কোনও জিনিসই চেখে দেখতে ভোলে না। দোলের ভূরিভোজে মাংসের নতুন কী পদ বানানো যায় ভাবছেন, বানিয়ে ফেলতে পারেন মাংসের মুসুর কালিয়া। হালিম না হলেও, এই পদ মনে করিয়ে দেবে হালিমের স্বাদ।

উপকরণ:

৫০০ গ্রাম পাঁঠার মাংস (হাড় ছা়ড়া)

৫০০ গ্রাম সেদ্ধ মুসুরডাল (বড় দানার)

১ কাপ পেঁয়াজবাটা

২ টেবিল চামচ আদা-রসুনবাটা

২টি শুকনোলঙ্কা

২টি তেজপাতা

১ চা চামচ কাঁচালঙ্কাবাটা

১ টেবিল চামচ ধনেবাটা

১ চা চামচ জিরেবাটা

২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ চা চামচ হলুদগুঁড়ো

৩-৪টি চেরা কাঁচালঙ্কা

১ কাপ পেঁয়াজকুচি

পরিমাণমতো তেল

স্বাদমতো নুন

২ টেবিল চামচ ঘি

১ চা চামচ গরমমশলাগুঁড়ো

৩ টেবিল চামচ বেরেস্তা (পেঁয়াজভাজা)

প্রণালী:

কড়াইয়ে তেল গরম করে তেজপাতা আর শুকনোলঙ্কা ফোঁড়ন দিন। এ বার একে পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, কাঁচালঙ্কাবাটা, ধনেবাটা, জিরেবাটা, শুকনো লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে পাঁঠার মাংস দিয়ে নাড়াচাড়া করুন। আধ ঘণ্টা ধরে ভাল করে কষিয়ে নিন। মাংস কষানো হয়ে গেলে ডালসেদ্ধ মিশিয়ে দিন। কুকারে ডাল ও মাংসের মিশ্রণ ঢেলে দিন। সঙ্গে মিশিয়ে দিন চেরা কাঁচালঙ্কা আর স্বাদমতো নুন। ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নিন। এ বার কড়াইয়ে আরও খানিকটা তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিন। তার পর ডাল-মাংসের মিশ্রণ ঢেলে মিশিয়ে নিন ভাল করে। রান্না হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিন ঘি, গুঁড়ো গরমমশলা আর বেরেস্তা। এই পদ কেবল ভাতের সঙ্গে নয়, রুটির সঙ্গেও দারুণ মানাবে।

Mutton Recipes Holi Celebration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy