মাংসের কোর্মা হোক কিংবা মাছের কালিয়া, ছানার কোপ্তা হোক বা বেগুনের ভর্তা— রকমারি রান্নায় পারদর্শী হলেও ভাতের কোনও পদ রাঁধতে গিয়েই পড়তে হয় সমস্যায়। পোলাও হোক বা বাঙালি কায়দায় ফ্রায়েড রাইস, রান্না করতে গিয়ে অনেকেই অনেক বার বিপাকে পড়েছেন হয়তো। কখনও চাল আধকাঁচা রয়ে যায় কখনও আবার বেশি গলে গিয়ে রান্নার স্বাদই একেবারে বিগড়ে যায়।
কুকারেই করুন কিংবা কড়াইয়ে, পোলাও, ফ্রায়েড রাইস রান্নার সময় জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। বেশি হলে চাল গলে মণ্ড পাকিয়ে যাবে। খুব কম হলে আবার চাল সেদ্ধ হবে না। সহজ হিসাব হল, যত কাপ চাল নেবেন, তার দ্বিগুণ জল নিতে হবে। তবে এই নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলার পরেও কিন্তু অনেকে হতাশ হন। ঝরঝরে পোলাও বা ফ্রায়েড রাইস কিছুতেই হয় না।
এ ক্ষেত্রে একটি ভুল অনেকেই করে বসেন। তা হল গ্যাস বন্ধ করার পরেই কুকার বা কড়াইয়ের ঢাকা খুলে দেওয়া। রান্না হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে দিলে কখনওই পোলাও বা ফ্রায়েড রাইস ঝরঝরে হবে না। রান্না হওয়ার পর কমপক্ষে ৫-১০ মিনিট ঢাকনা বন্ধ করে রাখুন। ২০ মিনিট সময় পেলে খুব ভাল। তাই পোলাও রান্না করতে হলে একটু বেশি ধৈর্য রাখতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না।