বাজারে কাঁচা আমের জোগান কমছে। মরসুম প্রায় পাততাড়ি গোটাতে শুরু করেছে। কিন্তু মন অত তাড়াতাড়ি বিদায় দিতে প্রস্তুত নয় যে! তাই যত দ্রুত সম্ভব কাঁচা আম ঘরে এনে বানিয়ে ফেলুন সুস্বাদু খাবার। টক ডাল থেকে মাছের টক, আচার থেকে চাটনি— বিদায় দেওয়ার আগে উদ্যাপন করে নিন কাঁচা আমের মতো ফল। টক ডালের এক নতুন সংস্করণ তৈরি করতে পারেন খুব সহজে। কাঁচা আমের ডাল ফ্রাই বানাতে পারেন নামমাত্র উপকরণে।
উপকরণ
১ কাপ অড়হর ডাল
২টি কাঁচা আম
১ চা চামচ হলুদগুঁড়ো
২ কাপ জল
২ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ জিরে
২টি শুকনো লঙ্কা
১/৪ চা চামচ হিং
স্বাদমতো নুন
আরও পড়ুন:
প্রণালী
ডাল ধুয়ে আধ ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন। এ বার একটি প্রেশার কুকারে জল, নুন, হলুদ, আঁটি-সহ আমের টুকরো এবং ডাল ভরে মাঝারি আঁচে বসিয়ে দিন। ৩-৫টি সিটির পর গ্যাস বন্ধ করে দিন। গরম ভাপ বেরিয়ে গেলে ঢাকনাটি খুলে ফেলুন। অন্য একটি ছোট কড়াইয়ে ঘি, শুকনো লঙ্কা, জিরে ও হিং ফোড়ন দিন। তার পর সেটি ডালের মধ্যে মিশিয়ে দিন। পছন্দসই ঘনত্ব না আসা পর্যন্ত ঢাকনা ছাড়া অল্প আঁচে রান্না করতে পারেন। কেউ কেউ টলটলে রাখতে পারেন, কেউ বা মাখা মাখা রূপ দিতে পারেন। শেষে ধোঁয়া ওঠা ভাত, আচার বা কোনও একটি ভাজার সঙ্গে গরম গরম ডাল অথবা ডাল ফ্রাই (বা ডাল মাখা, যে নাম দেবেন) পরিবেশন করুন।