Advertisement
E-Paper

দোলে শরবত নয়, বাড়িতে বানানো ঠান্ডাই পাউডার দিয়েই বানিয়ে ফেলুন ৩ রকম মিঠাই

রং খেলা হবে আর ঠান্ডাই থাকবে না, তা আবার হয় নাকি? তবে বাজারের ঠান্ডাই নয়, এ বার বাড়িতেই বানিয়ে নিতে পারেন ঠান্ডাই পাউডার। এই মিশ্রণ বানানো থাকলে তা দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন বিভিন্ন ধরনের মিষ্টিও! এক উপকরণেই হবে কামাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৫
ঠান্ডাইয়ের গুণে বাড়বে মিষ্টির স্বাদ।

ঠান্ডাইয়ের গুণে বাড়বে মিষ্টির স্বাদ। ছবি: সংগৃহীত।

দোল উৎসব মানে নিছক রং খেলা নয়, সঙ্গে পরিবারের সঙ্গে হইহুল্লোড় আর জমিয়ে ভূরিভোজও রয়েছে। সকালে র‌ং খেলাতেই দোল উদ‌্‌যাপন সীমিত নয়, বিকেলে আবার বাড়িতে বসবে আড্ডার আসর, হবে বন্ধুবান্ধবদের সমাগম। রং খেলা হবে আর ঠান্ডাই থাকবে না, তা আবার হয় না কি? তবে বাজারের ঠান্ডাই নয়, এ বার বাড়িতেই বানিয়ে নিতে পারেন ঠান্ডাই পাউডার। এই মিশ্রণ বানানো থাকলে তাদিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন বিভিন্ন ধরনের মিষ্টিও! এক উপকরণেই হবে কামাল। রইল রকমারি রেসিপি।

কী ভাবে বানাবেন ঠান্ডাই পাউডার?

১/২ কাপ কাঠাবাদাম, ১/২ কাপ কাজুবাদাম, ১/২ কাপ পেস্তা, ২০-২৫টি গোটা গোলমরিচ, ১০টি ছোটএলাচের দানা, ২ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ চারমগজ, ২ টেবিল চামচ মৌরি, দু’চিমটে জাফরান, ২ টেবিল চামচ গোলাপের শুকনো পাপড়ি, ১ চা চামচ জায়ফল গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মিক্সিতে ভাল করে গুঁড়ো করে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে ঠান্ডাই পাউডার।

ঠান্ডাই ভাপা দই

জল ঝরানো দই, কনডেন্সড মিল্ক, ঠান্ডাই পাউডার মিক্সিতে ঘুরিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। একটি স্টিলের টিফিন কৌটোয় মিশ্রণটি ঢেলে উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। এ বার একটি পাত্রে বেশ খানিকটা জল গরম করে তার ভিতরে স্ট্যান্ড বসিয়ে স্টিলের পাত্রটি উপরে রেখে আরেকটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মিনিট ২৫ ভাপিয়ে নিন। তার পর ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিন সারা রাত। ফ্রিজ থেকে বার করে কেটে কেটে পরিবেশন করুন ঠান্ডাই ভাপা দই।

ঠান্ডাই পপ্‌স

দু’লিটার দুধ গাঢ় করুন। এ বার সেই দুধে ৩ টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে নিন। দুধ আরও গাঢ় হয়ে এলে ২-৩ টেবিল চামচ ঠান্ডাইয়ের মিশ্রণ আর স্বাদমতো চিনি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মিনিট দুয়েক পরে গ্যাস বন্ধ করে দিন। মিশ্রণটি ঠান্ডা হলে বরফ জমানোর পাত্রে ঢেলে এ বার উপর থেকে আইসক্রিমের কাঠি গুঁজে দিন। ডিপ ফ্রিজে ভরে ঘণ্টা পাঁচেক রাখলেই তৈরি হয়ে যাবে ঠান্ডাই পপ্‌স।

ঠান্ডাই রসমালাই

দু’লিটার দুধ জাল দিয়ে গাঢ় করে নিন। দুধের পরিমাণ অর্ধেক হয়ে এলে সেই দুধে ৩ টেবিল চামচ ঠান্ডাইয়ের মিশ্রণ আর স্বাদমতো চিনি মিশিয়ে দিন। পাঁচটি বড় মাপের রসগোল্লা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে উপর থেকে পেস্তাকুচি ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন ঠান্ডাই রসমালাই।

Holi Celebration Holi Special
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy