ফরাসি ওপেনে এরিনা সাবালেঙ্কাকে নিয়ে চর্চা চলছেই। কিছু দিন আগেই তিনি প্রতিযোগিতার পুরস্কারমূল্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ বার তাঁকে দেখা গিয়েছে বহু মূল্যের গয়না পরে কোর্টে নামতে। সেই গয়না পরেই তিনি ম্যাচ খেলেছেন।
প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে স্পেনের জেসিকা বুজার মানেইরোকে হারিয়েছেন সাবালেঙ্কা। সেই ম্যাচেই তিনি একটি হিরের এবং গোমেদের হার ও কানের দুল পরে নেমেছিলেন। নিউ ইয়র্কের একটি বিলাসবহুল গয়না তৈরির সংস্থা এটি তৈরি করেছে।। ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে হারা মহিলারা যে পুরস্কারমূল্য পান, তার থেকেও এই হারের দাম বেশি।
ইংল্যান্ডের এক দৈনিকের দাবি, সংস্থার তরফে তিনটি হার এবং একজোড়া কানের দুল দেওয়া হয়েছে সাবালেঙ্কাকে, যার মিলিত মূল্য ১ কোটি ৪১ লক্ষ টাকা। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃতীয় হারটি মঙ্গলবার পরতে রাজি হননি সাবালেঙ্কা। তাঁর পোশাকের সঙ্গে রং মিলিয়ে গয়নাটি তৈরি করা হয়েছে। সেখানে ২০০ ক্যারাটের গোমেদ এবং ২৩ ক্যারাটের হিরে রয়েছে।
প্রথম রাউন্ডে হারের পুরস্কারমূল্যের থেকে সাবালেঙ্কার গয়নার দাম বেশি, এই বিষয়টি নিয়েই বেশি হইচই হচ্ছে। সাবালেঙ্কা অবশ্য ভণ্ডামির বিষয়টি উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, পুরস্কারমূল্য বাড়ানোর আন্দোলন আসলে সতীর্থ খেলোয়াড়দের পাশে থাকার জন্যই।
আরও পড়ুন:
এ বিষয়ে প্রশ্ন করা হলে সাবালেঙ্কার উত্তর, “কী ভাবে দুটো আলাদা বিশ্বের বিষয়কে একসঙ্গে দেখা হচ্ছে সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। আগেও বলেছি, আমার একার পুরস্কারমূল্য বাড়ানোর দাবি তুলিনি। আমি সতীর্থদের জন্য, র্যাঙ্কিংয়ে নীচের দিকে থাকা খেলোয়াড়দের জন্য লড়াই করছি। আমি দেখেছি ওদের খেলা চালাতে কতটা অসুবিধা হচ্ছে।”