এ বার বড়দের সঙ্গে পাল্লা দেওয়ার পালা। জুনিয়র স্তরে ভাল খেলার পুরস্কার পেল সিন্ড্রেলা দাস। টেবল টেনিসের সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ডাক পেয়েছে কলকাতার কিশোরী।
২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত লন্ডনে আয়োজিত হবে বিশ্ব সিনিয়র টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দলে সুযোগ পেয়েছে সিন্ড্রেলা। ভারতীয় টেবল টেনিস সংস্থা চিঠি পাঠিয়েছে বাংলার টেবল টেনিস সংস্থাকে। সেখানে জানানো হয়েছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর কাছে ছাড়পত্র নিতে হবে সিন্ড্রেলাকে। বিদেশে যাওয়ার জন্য ভিসাও করিয়ে নিতে হবে। টেবল টেনিস সংস্থার নিয়ম মেনে সিন্ড্রেলাকে ছাড়ার আবেদন করেছে ভারতীয় টেবল টেনিস সংস্থা।
জানুয়ারি মাসে বডোদরায় যুব প্রতিযোগিতায় জোড়া পদক জিতেছিল ১৬ বছরের সিন্ড্রেলা। সার্থক আর্যের সঙ্গে জুটি বেঁধে জিতেছিল অনূর্ধ্ব-১৯ মিক্সড ডাবলস। অনূর্ধ্ব-১৭ মেয়েদের সিঙ্গলসও চ্যাম্পিয়ন হয়েছিল সে। ভাল পারফরম্যান্সের পুরস্কার পেল সিন্ড্রেলা। এ বার বড়দের সঙ্গে খেলবে সে।
আরও পড়ুন:
বাংলার টেবল টেনিসে সিন্ড্রেলা অনেক বছর ধরেই পরিচিত নাম। ধীরে ধীরে জাতীয় স্তরেও নিজের জায়গা তৈরি করেছে সে। এর আগে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। ডব্লিউটিটি ইয়ুথ কন্টেন্ডারে স্লোভেনিয়ায় অনূর্ধ্ব-১৩ সোনা, ইটালিতে অনূর্ধ্ব-১৩ সোনা, আলজেরিয়া, শ্রীলঙ্কা ও পেরুতে অনূর্ধ্ব-১৫ সোনা জিতেছে সে। দোহায় যুব প্রতিযোগিতায় সোনা জিতে ফিরে গোয়ায় অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার মেয়ে। পাঁচ বছরের মধ্যে এত সাফল্য পেয়েছে সে।
সিন্ড্রেলার লক্ষ্য অলিম্পিক্স। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দেশের হয়ে খেলতে চায় সে। তার আগে ২০২৬ সালের কমনওয়েলথ খেলতে চায় সে। আপাতত সেই লক্ষ্যেই যাত্রা শুরু করেছে সিন্ড্রেলা। তার প্রথম ধাপ ভারতের হয়ে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলা।