Advertisement
E-Paper

সূর্য ছাড়াও আরও তিন ভারতীয় অধিনায়কত্ব করবেন এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে, খেলবেন এ দেশের মোট ৫৫ জন!

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের আধিক্য রয়েছে। ভারত ছাড়া আরও ন’টি দলে মোট ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার খেলছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪
cricket

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

মোনাঙ্ক পটেল, সৌরভ নেত্রভলকর, জসপ্রীত সিংহদের স্বপ্ন ছিল ভারতের জার্সি গায়ে খেলার। সেই স্বপ্ন সত্যি হয়নি। তাই বলে ক্রিকেট থামেনি। তাঁরা খেলছেন এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। অন্য দেশের হয়ে। এ বারের প্রতিযোগিতায় ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের আধিক্য রয়েছে। ভারত ছাড়া আরও ন’টি দলে মোট ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার খেলছেন। ভারতীয় দলের ১৫ জনকে ধরলে সব মিলিয়ে সংখ্যাটা ৫৫।

তালিকায় শীর্ষে কানাডা। তাদের ১৫ জনের দলে ১১ জনই ভারতীয় বংশোদ্ভূত। ভারত থেকে কানাডায় গিয়ে বহু মানুষ বসবাস করেন। কানাডার বেশ কিছু শহর দেখে বোঝার উপায় নেই সেটি বিদেশ। ফলে সেখানকার দলে যে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বেশি থাকবেন সেটাই স্বাভাবিক। দ্বিতীয় স্থানে আমেরিকা। তাদের দলে ন’জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির দলে রয়েছেন সাত জন করে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তা ছাড়া নিউ জ়িল্যান্ডে দুই এবং দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, ইটালি ও নেদারল্যান্ডসের দলে এক জন করে ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন। তাঁদের মধ্যে তিন জন তিনটি দলের অধিনায়ক। অর্থাৎ, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়াও আরও তিন ভারতীয় অধিনায়কত্ব করবেন এ বারের বিশ্বকাপে।

ভারত ছাড়া কোন দলে কারা?

কানাডা

দিলপ্রীত বাজওয়া (অধিনায়ক), অজয়বীর হুন্ডাল, অংশ পটেল, হর্ষ ঠাকের, জসকরণদীপ বুট্টার, কানওয়ারলাল তাথগুর, নবনীত ধালিওয়াল, রবীন্দ্রপাল সিংহ, শিবম শর্মা, শ্রেয়স মোভা, যুবরাজ সামরা।

আমেরিকা

মোনাঙ্ক পটেল (অধিনায়ক), জেস্সি সিংহ, মিলিন্দ কুমার, নসতুশ কেঞ্জিগে, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হরমিত সিংহ, সৌরভ নেত্রভলকর, শুভম রঞ্জনে।

ওমান 

জতিন্দর সিংহ (অধিনায়ক), বিনায়ক শুক্ল, করণ সোনাভালে, জয় ওদেদরা, আশিস ওদেদরা, ওয়াসিম আলি, জিতেন রামানন্দি।

সংযুক্ত আরব আমিরশাহি 

আলিশান শারাফু, আর্যংশ শর্মা, ধ্রুব পরাশর, হর্ষিত কৌশিক, মায়াঙ্ক কুমার, সিমরনজিৎ সিংহ, শোয়েব খান।

নিউ জ়িল্যান্ড 

ইশ সোধি, রাচিন রবীন্দ্র।

দক্ষিণ আফ্রিকা 

কেশব মহারাজ।

ওয়েস্ট ইন্ডিজ় 

গুড়াকেশ মোতি।

ইটালি 

জসপ্রীত সিংহ।

নেদারল্যান্ডস 

আরিয়ান দত্ত।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে আমেরিকা। সেই দলের অধিনায়ক মোনাঙ্ক গুজরাতের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন। কিন্তু তার পর আর ভারতের হয়ে সুযোগ না পেয়ে আমেরিকার হয়ে খেলা শুরু করেছেন। মোনাঙ্ক বলেন, “আমাদের দলের অনেকের কাছে ভারতের বিরুদ্ধে খেলা স্বপ্নের সমান। আমাদের প্রত্যেকের কেরিয়ার ভারতে শুরু হয়েছিল। আমরা ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এ বার ভারতের বিরুদ্ধে নামব।”

পঞ্জাবের ফাগওয়ারায় জন্ম নেওয়া জসপ্রীত ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পেরে উল্লসিত। তিনি বলেন, “অল্প বয়সে ইটালি গিয়েছিলাম। এখন সেখানেই আমার বাড়ি। কিন্তু শুরুটা তো ভারতে। সেখানেই তো ক্রিকেটার হওয়ার স্বপ্ন শুরু হয়েছিল। এত পরিশ্রম করেছি। এ বার ভারতের মাটিতে খেলতে নামব। এটা কম সম্মানের নয়।” নেত্রভলকরের মতো ক্রিকেটারও রয়েছেন, যাঁরা অন্য পেশা থেকে এসেছেন। ছোটবেলায় ক্রিকেট খেললেও আমেরিকায় চাকরি করতেন তিনি। এখন তিনি আমেরিকার বড় ভরসা। জসপ্রীত, মোনাঙ্ক, নেত্রভলকরদের স্বপ্ন ভারতের মাটিতে ভাল খেলে নজর কাড়া। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা।

India Cricket ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy