পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক। ওপেনার সাইম আয়ুবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের আর এক ক্রিকেটার আহমেদ শেহজ়াদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক প্রভাবশালী কর্তার প্রিয়পাত্র হওয়াতেই নাকি একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েও খেলে চলেছেন আয়ুব। একটি টেলিভিশন অনুষ্ঠানে এই দাবি করে বিতর্ক তৈরি করেছেন পাক ব্যাটার।
শেহজ়াদকে প্রশ্ন করা হয়, কারও সুপারিশ ছাড়া নাকি পাকিস্তানের হয়ে খেলা অসম্ভব। উত্তরে শেহজ়াদ বলেছেন, ‘‘একদমই তাই। কোনও দ্বিমত নেই। কারও সুপারিশ ছাড়া বা কাউকে ঘুষ না দিলে সুযোগ পাওয়াই কঠিন। এ সব ছাড়া কেউ দলে এলেও তার পক্ষে জায়গা ধরে রাখা কঠিন।’’ উল্লেখ্য ২০১৯ সালের পর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি ৩৪ বছরের শেহজ়াদ।
শেহজ়াদ জানিয়েছেন, পিসিবির সুপারিশ না থাকলে খেলার বেশি সুযোগই দেওয়া হয় না ক্রিকেটারদের। এ প্রসঙ্গেই তিনি টেনে এনেছেন আয়ুবের নাম। শেহজ়াদ বলেছেন, ‘‘যে ক্রিকেটারের কোনও খুঁটি থাকে, সে সুযোগ পেতেই থাকে। আপনারা দেখছেন সাইম আয়ুবকে কত সুযোগ দেওয়া হচ্ছে। অথচ হাসান নওয়াজ়কে খেলানোই হয় না প্রায়। এদের এক জন কর্তাদের প্রিয়পাত্র। প্রায় সকলেই তাকে ভালবাসেন। আয়ুবের কথাই বলছি। ওর খেলে যাওয়ার পিছনে করাচি ফ্যাক্টর রয়েছে। পিসিবির একাধিক প্রভাবশালী কর্তার হাত রয়েছে। ওকে বলেই দেওয়া হয়েছে, ০, ৮০ বা ১০০ যা খুশি রান করো। তোমায় দল থেকে বাদ দেওয়া হবে না। কোনও জুনিয়র ক্রিকেটারকে শুরুতেই এমন বলে দিলে যা হয়, তা-ই হচ্ছে।’’
আরও পড়ুন:
পাকিস্তানের হয়ে ২৩ বছরের আয়ুব এখনও পর্যন্ত ৮টি টেস্ট, ১৭টি এক দিনের ম্যাচ এবং ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২১.২৭ গড়ে করেছেন ১২৯৮ রান। ২০২৫ সালে সাতটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলেন। সর্বোচ্চ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৪। ভারতের বিরুদ্ধে করেন ৬ রান।