অজিঙ্ক রাহানে কি অধিনায়কত্ব ভুলে গিয়েছেন? তিনি কি গুলিয়ে ফেলেছেন ক্রিকেটের অ-আ-ক-খ? নইলে যে ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই ম্যাচে টস জিতে তিনি কোন যুক্তিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। রাহানের এই সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন ও সাবা করিম।
ইডেনে কেকেআর-পঞ্জাব ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিল। বিকেলের পর থেকেই মেঘ জমতে শুরু করেছিল আকাশে। টস জিতে সকলকে অবাক করে দেন রাহানে। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আগের ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে বল করে হেরেছিল কেকেআর। রাহানে পরে বলেছিলেন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে পড়েছিল। সেই কারণেই হয়তো পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাহানে। নইলে আর কোনও যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া যায় না।
যদিও তার ফল ভুগতে হয়নি কেকেআরকে। বৃষ্টি বাঁচিয়ে দেয় তাদের। খেলা ভেস্তে যায়। ফলে ১ পয়েন্ট করে পায় দু’দল। নইলে কেকেআরের শুরুটা যে ভাবে হয়েছিল, তাতে এই ম্যাচ হারার সম্ভাবনা ছিল। আবহাওয়া কাজে লাগিয়ে জ়েভিয়ার বার্টলেট বল সুইং করাচ্ছিলেন। এক ওভারে ফিন অ্যালেন ও ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে আউট করেন তিনি। যে ভাবে বল সুইং করছিল, তাতে পঞ্জাবের বোলিং আক্রমণের সামনে ২০ ওভার ব্যাট করতেও সমস্যায় পড়ত কেকেআর।
বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ, সেই সময় ধারাভাষ্য দিতে গিয়ে কুম্বলে বলেন, “রাহানের টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে আমি অবাক হয়েছি। এই পিচে, যেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে তো যে কেউ শুরুতে বল করতে চাইবে।”
আরও পড়ুন:
পাশেই বসেছিলেন সাবা। তিনি বলেন, “আমি এই সিদ্ধান্তের মাথামুন্ডু বুঝতে পারছি না। তাই এই সিদ্ধান্ত নিয়ে মাথা ঘামাতেও চাইছি না। ক্রিকেটের সামান্য ধারণা থাকা যে কেউ টস জিতে বল নেবে।”
রাহানের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অশ্বিনও। সমাজমাধ্যমে তিনি লেখেন, “যখন আপনি জানেন বৃষ্টি হতে পারে, তখন অপরিণত বোলিং আক্রমণ নিয়ে আপনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। কী অদ্ভুত চিন্তাভাবনা।”
প্রশ্ন তুলেছেন কেকেআরের সমর্থকেরাও। সমাজমাধ্যম ভরে গিয়েছে সমালোচনায়। পঞ্জাবের বিরুদ্ধে দলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীকে খেলায়নি কেকেআর। অর্থাৎ, বোলিং আক্রমণে তেমন অভিজ্ঞতাই ছিল না। সে ক্ষেত্রে তো যে কোনও অধিনায়ক আগে বল করে নিতে চাইবেন। বিশেষ করে ইডেনে রান তাড়া করে জেতার সম্ভাবনা অনেক বেশি। সেখানে কোন যুক্তিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রাহানে, সেটাই কেউ বুঝতে পারছেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:৪৭
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ -
১৪:০০
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন -
১২:৫৪
আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ -
১০:৫৪
কেকেআরের কাছে হেরে প্লেঅফের আশা ছেড়ে দিল দিল্লি, আগামী মরসুমের কথা অধিনায়ক অক্ষরের মুখে -
২২:৩৩
পরিবর্তনের হাওয়া কলকাতায়! এ বার দিল্লি জয়, অ্যালেনের শতরান, রাহানের সাহসী সিদ্ধান্তে আট থেকে সাতে কেকেআর