E-Paper

দিনে চারটি ইঞ্জেকশন নিয়ে খেলতে হয় বরুণকে, ব্যথা কমেনি পাথিরানার

কলকাতা নাইট রাইডার্স শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, প্রত্যেক দিন চারটি ইঞ্জেকশন নিতে হচ্ছে বরুণকে। ব্যথা কমানোর জন্য। কেকেআর সূত্রে খবর, ভারতীয় দলের ফিজ়িয়ো কমলেশ জৈনের সঙ্গে আলোচনা করেই ওষুধপত্র দেওয়া হচ্ছে বরুণকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৬:০৮
চর্চায়: ব্যথা নিয়েও চার ওভার বল করলেন বরুণ।

চর্চায়: ব্যথা নিয়েও চার ওভার বল করলেন বরুণ। —ফাইল চিত্র।

মরসুম যত এগোচ্ছে, কলকাতা নাইট রাইডার্সে চোটের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। শুরুটা হয়েছিল হর্ষিত রানাকে দিয়ে। তার পরে আকাশ দীপ ছিটকে যান। মাথিশা পাথিরানা প্রথম সাত ম্যাচ খেলতেই পারেননি। ১৮ কোটির ক্রিকেটার দলে যোগ দেওয়ার পরে দ্বাদশ ম্যাচে সুযোগ পান। মাত্র আট বল করেই উঠে যেতে হয়। চোট থেকে রেহাই পাননি সি ভি বরুণও। বাঁ-পায়ের হাড়ে চিড় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলতে হচ্ছে তাঁকে।

কলকাতা নাইট রাইডার্স শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, প্রত্যেক দিন চারটি ইঞ্জেকশন নিতে হচ্ছে বরুণকে। ব্যথা কমানোর জন্য। কেকেআর সূত্রে খবর, ভারতীয় দলের ফিজ়িয়ো কমলেশ জৈনের সঙ্গে আলোচনা করেই ওষুধপত্র দেওয়া হচ্ছে বরুণকে। বোর্ডের তরফ থেকেও এখনও কোনও বিশেষ নির্দেশ আসেনি। তাঁকে খেলানো নিয়ে প্রশ্নও তোলা হয়নি। কেকেআরের এক কর্তা বলছিলেন, ‘‘আমাদের মেডিক্যাল দল বরুণের চিকিৎসা করছে। বোর্ডের ফিজ়িয়োর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ওকে না খেলানোর নির্দেশ এখনও দেওয়া হয়নি। পরের ম্যাচেও ওকে খেলানোর চেষ্টা করা হচ্ছে।’’

মাথিশা পাথিরানাকে নিয়ে যদিও সংশয় তৈরি হয়েছে। মাত্র আট বল করে উঠে যেতে হয়েছে তাঁকে। আগামী ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন কি না রয়েছে প্রশ্ন। দলীয় সূত্রে খবর, এখনও ব্যথা কমেনি শ্রীলঙ্কার তারকা পেসারের। তাঁকেও ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। পায়ের পেশিতে চোট পেয়েছেন পাথিরানা। মুম্বই ম্যাচের আগে ফিট হতে পারেন কি না সেটাই দেখার।

রবিবার পঞ্জাব কিংস হারায় সুবিধে হল কেকেআরের। শ্রেয়স আয়াররা শেষ ম্যাচ জিতলেও ১৫ পয়েন্টের বেশি এগোতে পারবেন না। কেকেআরও শেষ দু’টি ম্যাচ জিতলে পৌঁছবে ১৫ পয়েন্টে। নাইটদের এ বার অপেক্ষা করতে হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হারের।

কেকেআর শিবিরেও প্লে-অফ স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। কোচ অভিষেক নায়ার শেষ ম্যাচ জেতার পরে ড্রেসিংরুমে বলেছেন, ‘‘আমাদের ক্রিকেটারেরা জেতার মরিয়া চেষ্টা করছে। বিশেষ ধন্যবাদ জানাব বরুণকে। পায়ে চিড় নিয়েও ও খেলে চলেছে। প্রত্যেক দিন বিভিন্ন ওষুধ খাচ্ছে। ইঞ্জেকশন নিচ্ছে ব্যথা কমানোর। কিন্তু হার মানছে না। ও এই দলের অনুুপ্রেরণা। ওকে দেখে আমরা সকলে শিখছি।’’

গুজরাতের বিরুদ্ধে অর্ধশতরান করে খুশি ক্যামেরন গ্রিনও। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, ‘‘আমাদের উপরের সারির ব্যাটসম্যানেরা অসাধারণ খেলেছে। মঞ্চ তৈরি করে দিয়েছিল বড় রান করার। আমি একদম ঠিক সময় ব্যাট করতে নেমেছিলাম। আমার উপরে খুব একটা চাপ ছিল না। নিজের খেলাটা খেলতে পেরেছি।’’

গ্রিন মনে করেন, এই পিচে ২৪০ অনেকটাই বড় রান। তাঁর কথায়, ‘‘ফিন অ্যালেন যখন ব্যাট করে, কোনও পিচই কঠিন মনে হয় না। ও তো একাই দ্রুত রান করার দায়িত্ব নিয়েছিল। ওর তৈরি করা মঞ্চে আমরা রানটা এগিয়ে নিয়ে গিয়েছি। এই ছন্দটা ধরেরাখতে হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Varun Chakravarthy Kolkata Knight Riders Injury

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy