বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা বার বারই হয়েছে। এখনও হয়। অতীতে কখনও তাঁকে এ ভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। সেই বাবর আজ়ম এ বার কোহলির সঙ্গে তুলনা নিয়ে প্রশ্ন উঠতেই রেগে গেলেন। প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে সাফ জানালেন, তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। আর এই আলোচনার দরকার নেই।
বুধবার পাকিস্তান সুপার লিগে হায়দরাবাদ কিংসমেনের বিরুদ্ধে শেষ বলে জিতেছে পেশওয়াল জ়ালমি। ম্যাচের পর পেশওয়ারের অধিনায়ক বাবরকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তাঁর খেলার ধরন কোহলির মতো হওয়া সত্ত্বেও কেন বার বার ম্যাচ শেষ করতে না পারার দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে?
সাংবাদিককে থামিয়ে দিয়ে বাবর বলেন, “প্রশ্নটা শেষ করুন। যে কারণে আপনি প্রশ্ন করছেন সেটা ছেড়ে দিন।” একটু থেমে তিনি আবার বলেন, “অনেক ম্যাচ শেষ করে এসেছি আমি। আপনার হয়তো সেটা মনে হয় না। কিন্তু আমি জানি কতগুলো ম্যাচ শেষ করে এসেছি।”
বাবর অবশ্য এখানেই থামেননি। পরে আর একটি প্রশ্নে নিজের ম্যাচ শেষ করে আসার দক্ষতা নিয়ে অনেক কথা বলেছেন। জানিয়েছেন, এখনও ক্রিকেট খেলতে গিয়ে রোজ রোজ নতুন কিছু শেখেন তিনি।
আরও পড়ুন:
বাবরের কথায়, “ফিনিশিংয়ের আসল কথা হল ম্যাচের পরিস্থিতি। দলের কী চাই, রান রেট কত, পিচের পরিস্থিতি কী রকম— এ রকম অনেক কিছুর উপর নির্ভর করে পরিকল্পনা তৈরি করা হয়। কখনও আপনার মনে হতেই পারে পিচটা খুব সহজ। কিন্তু শট খেলতে পারবেন না বা ফিল্ডিংয়ের ফাঁক খুঁজতে পারবেন না। চেষ্টা করেও রান করতে পারবেন না। আমি সব সময় নিজের শক্তি এবং পরিকল্পনায় ভরসা রাখি। সকলকে উন্নতি করতে হয়, রোজ নতুন কিছু শিখতে হয়। আমরা তো মানুষ। রোজই উন্নতির চেষ্টা করি। ফলাফল পেতে সময় লাগে।”