Advertisement
E-Paper

বাংলাদেশের মহিলা ক্রিকেটার জাহানারার অভিযোগ আংশিক প্রমাণিত, প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল নির্বাসিত

২০২২ সালের বিশ্বকাপের সময় মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন জাহানারা আলম। অভিযোগ করেছিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেটের দায়িত্বে থাকা প্রাক্তন কর্তা তৌহিদ মেহমুদের বিরুদ্ধেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮
picture of cricket

জাহানারা আলম। ছবি: এক্স।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাসিত করা হল মঞ্জুরুল ইসলামকে। এই শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন জাহানারা।

বিসিবির পরিচালন পর্ষদের বৈঠকে মঞ্জুরুলের শাস্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, স্বাধীন তদন্ত কমিটি জাহানারার চারটি অভিযোগের দু’টির ক্ষেত্রে প্রাথমিক প্রমাণ পেয়েছে। বাকি দু’টি অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। মঞ্জুরুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত। তাঁর কিছু কাজ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ীও অসদাচরণ এবং হয়রানির মধ্যে পড়ে। তাই

শাস্তি হিসাবে ভবিষ্যতে মঞ্জুরুলকে ক্রিকেট সংক্রান্ত কোনও কিছুর সঙ্গে যুক্ত করা হবে না। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত বলে বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছর ৩০ জুনের পর থেকে বিসিবির কোনও দায়িত্বে নেই প্রাক্তন ক্রিকেটার। তিনি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) হয়ে কাজ করেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, মঞ্জুরুলের শাস্তির মেয়াদ নিয়ে দু’ধরনের মতামত শোনা গিয়েছে। বিসিবি কর্তাদের একাংশ বলছেন, আজীবনের জন্য শাস্তি দেওয়া হয়েছে। আর একাংশের বক্তব্য, এ সংক্রান্ত পরবর্তী নির্দেশিকা পর্যন্ত নির্বাসনের শাস্তি। কারণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে। ২০২২ সালের বিশ্বকাপের সময় মঞ্জুরুল হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করেন জাহানারা।

জাহানারা হেনস্থার অভিযোগ করেছিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেটের দায়িত্বে থাকা প্রাক্তন কর্তা তৌহিদ মেহমুদের বিরুদ্ধেও। তদন্ত কমিটির তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ পায়নি। উল্লেখ্য, জাহানারা অভিযোগ সামনে আসার আগে প্রয়াত হন তৌহিদ।

Bangladesh Cricket Jahanara Alam BCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy