Advertisement
E-Paper

বিশ্বকাপে ভারত-ম্যাচ খেলার জন‍্য পাকিস্তানকে অনুরোধ বাংলাদেশের, লাহৌরে আমিনুলের বৈঠকের পরই চিঠি বোর্ডের, ধন্যবাদ নকভিকে

লাহৌরে আইসিসি এবং পিসিবি-র বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। বৈঠকের পর বিসিবি-র তরফে একটি বিবৃতি প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানকে ভারত-ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৬
cricket

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টসের মুহূর্ত। — ফাইল চিত্র।

আমন্ত্রণ পেয়ে দ্রুত ঢাকা থেকে লাহৌরে আইসিসি এবং পিসিবি-র বৈঠকে যোগ দিতে উড়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। বৈঠকের পর সোমবার রাতে বিসিবি-র তরফে একটি বিবৃতি প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানকে ভারত-ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ বোর্ড বিবৃতিতে লিখেছে, “সম্প্রতি বিভিন্ন বিষয়ে যে সমস্যা তৈরি হয়েছে তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং বাকি সব পক্ষের ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাতে চায় বিসিবি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রাপ্য পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভি, তাঁর বোর্ড এবং পাকিস্তানের সমর্থকদের।”

বিসিবি-র বিবৃতিতে সভাপতি আমিনুল বলেছেন, “এই কঠিন সময়ে যে ভাবে নিজেদের সামর্থ্যের উর্ধ্বে গিয়ে বাংলাদেশকে সমর্থন করেছে পাকিস্তান, তাতে আমরা গভীর ভাবে উৎসাহিত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক।”

তিনি আরও বলেছেন, “গত কাল স্বল্প সময়ে পাকিস্তানে যাওয়া এবং আলোচনা থেকে যে ফলাফল পাওয়া গিয়েছে, তার উপর ভিত্তি করে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য আমরা পাকিস্তানকে অনুরোধ করছি। এতে ক্রিকেটের গোটা বাস্তুতন্ত্রই উপকৃত হবে।”

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক করতে রবিবার সকালে লাহৌরে পৌঁছোন আমিনুল ইসলাম। শনিবার গভীর রাতে ঢাকা থেকে লাহৌরের বিমানে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তাঁর এই পাকিস্তান সফর নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন বিসিবির অন্য কর্তারা।

পাকিস্তান সফরের কথা সহকর্মীদেরও জানাননি বিসিবি সভাপতি। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ১টায় লাহৌরগামী বিমানে দেশ ছাড়েন আমিনুল। তখন বিসিবির ডিরেক্টরদের অধিকাংশই ঘুমিয়ে পড়েছিলেন। বিমান ছাড়ার আগে বিসিবি ডিরেক্টরদের হোয়াটস্‌অ্যাপ গ্রুপে আমিনুল লেখেন, ‘‘বৈঠকের মাত্র ৯০ মিনিট আগে সফর চূড়ান্ত হয়েছে। আমি এখন বিমানবন্দরে। হাতে সময় খুব কম থাকায় কাউকে ফোন করতে পারিনি। ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টেয় লাহৌরে বৈঠক হবে। ৯ ফেব্রুয়ারি বিকালে দেশে ফিরব।’’ হঠাৎ কেন পাকিস্তানে যাচ্ছেন, তা বিসিবির অন্য ডিরেক্টরদের জানাননি বিসিবি সভাপতি।

আমিনুলের এমন গোপনীয়তায় অসন্তুষ্ট বিসিবি ডিরেক্টরদের একাংশ। তাঁদের এক জন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘আমি ততটাই জানি, যতটা আপনারা জানেন। বিসিবি সভাপতি লাহৌর গিয়েছেন। কেন জানি না। আমিনুল ফিরে এসে জানালে বিস্তারিত জানতে পারব।’’

T20 World Cup 2026 India vs Pakistan BCB Aminul Islam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy