Advertisement
E-Paper

শামির ৮ উইকেট! ভারতীয় দলে ঢোকার দাবি জোরালো করলেন বাংলার পেসার, রঞ্জির সেমিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে লিড অভিমন্যুদের

একটা সময় দেখে মনে হচ্ছিল, জম্মু-কাশ্মীর বাংলার প্রথম ইনিংসের রান টপকে যাবে। কিন্তু তা হতে দিলেন না মহম্মদ শামি। বাংলাকে গুরুত্বপূর্ণ লিড এনে দিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২১
cricket

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

মঙ্গলবার কল্যাণীর মাঠে দাপট দেখালেন মহম্মদ শামি। একটা সময় দেখে মনে হচ্ছিল, জম্মু-কাশ্মীর বাংলার প্রথম ইনিংসের রান টপকে যাবে। কিন্তু তা হতে দিলেন না শামি। বাংলাকে গুরুত্বপূর্ণ লিড এনে দিলেন তিনি। বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হল ৩০২ রানে। শামি প্রথম ইনিংসে নিলেন ৮ উইকেট।

দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান ছিল ৫ উইকেটে ২০৫। ক্রিজ়ে ছিলেন কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাক। মঙ্গলবার সকালে তাঁদের বেশি রানের জুটি গড়তে দেননি শামি। কানহাইয়াকে ২৯ ও আবিদকে ২৭ রানে ফেরান তিনি। বংশরাজ শর্মাকেও আউট করেন শামি।

২৩১ রামে ৮ উইকেট পড়ে গিয়েছিল জম্মু-কাশ্মীরের। তখন দেখে মনে হচ্ছিল, বাংলার লিড পাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু পাল্টা আক্রমণ শুরু করেন আকিব নবি ও যুদ্ধবীর সিংহ। বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আকিব। তাঁদের মধ্যে ৬৪ রানের জুটি হয়। সেই জুটি ভাঙতে পারছিল না বাংলা। সেই সময় দেখে মনে হচ্ছিল, এই জুটিই জম্মু-কাশ্মীরকে লিড এনে দেবে।

সেই সময় বাংলার রক্ষাকর্তা হয়ে আবার দেখা দিলেন শামি। ৩৩ রানের মাথায় যুদ্ধবীরকে বোল্ড করলেন তিনি। ৪২ রানের মাথায় আকিবকে আউট করে জম্মু-কাশ্মীরকে অল আউট করে দিলেন তিনি। ৩০২ রানে শেষ হল জম্মু-কাশ্মীর। ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেল বাংলা।

cricket

শামি সাজঘরে ফেরার সময় হাততালি সতীর্থদের। ছবি: ভিডিয়ো থেকে।

দ্বিতীয় দিন শামি ৩ উইকেট নিয়েছিলেন। তৃতীয় দিন সকালে বাকি ৫ উইকেটই নিলেন তিনি। ২২.১ ওভারে ৯০ রান দিয়ে ৮ উইকেট নিলেন বাংলার পেসার। জাতীয় দলে ব্রাত্য হয়ে গেলেও শামি দেখাচ্ছেন, এখনও কথা বলছে তাঁর বল। খেলা শেষে শামি যখন সাজঘরে ফিরছেন তখন দেখা যায়, গোটা বাংলা দল উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এই পারফরম্যান্সের পর ভারতীয় দলে ঢোকার দাবি আরও জোরালো করলেন শামি। তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বোর্ড। কিন্তু এখনও যে তাঁর মধ্যে ক্রিকেট রয়েছে তা বার বার প্রমাণ করছেন শামি।

Bengal Cricket team Mohammed Shami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy