ঠিক এক সপ্তাহ বাকি আইপিএল শুরু হতে। জাতীয় দল আর আইপিএলের ব্যস্ততার মধ্যে কয়েক দিনের হালকা সূচি। খেলার চাপ নেই। অনুশীলনের তুমুল ব্যস্ততা নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বের চাপও নেই।
শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কোহলী। মাঠের সবুজ ঘাসের উপর দু’হাত দু’দিকে ছড়িয়ে চোখ বন্ধ করে নিশ্চিন্তে শুয়ে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নিজের মুগ্ধতা ব্যক্ত করে ছবির উপর লিখেছেন, ‘যাঁরা শুনতে পান তাঁদের জন্য পৃথিবীর একটা নিজস্ব ছন্দ রয়েছে।’ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কোহলীর এই ছবি।
এমন অবসর সচরাচর মেলে না ভারতীয় দলের ক্রিকেটারদের জীবনে। বিশেষ করে বিরাট কোহলীর মতো যাঁরা টেস্ট, এক দিনের এবং টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটেই দেশের প্রতিনিধিত্ব করেন।
The Earth has music for those who listen. pic.twitter.com/dyeMuwTff6
— Virat Kohli (@imVkohli) March 19, 2022
ব্যাটে বড় রান না থাকলেও নেতৃত্ব ছাড়ার পর থেকে কোহলী অনেকটাই হালকা মেজাজে রয়েছেন। তাঁর ঘনিষ্ঠরাও সে কথা মানছেন। নেট মাধ্যমে তাঁর সাম্প্রতিক পোস্টগুলিও তেমনই ইঙ্গিত দিচ্ছে।