Advertisement
E-Paper

রবিবার থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল ধোনির চেন্নাই, প্রকাশ্যে এল নতুন জার্সিও

রবিবার থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস। বেশির ভাগ ভারতীয় ক্রিকেটারই যোগ দেবেন শিবিরে। থাকছেন মহেন্দ্র সিংহ ধোনিও। এমনটাই জানা গিয়েছে চেন্নাই সূত্রে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:০৬
cricket

চেন্নাই পৌঁছে গেলেন ধোনি। ছবি: সমাজমাধ্যম।

রবিবার থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস। বেশির ভাগ ভারতীয় ক্রিকেটারও যোগ দেবেন শিবিরে। থাকছেন মহেন্দ্র সিংহ ধোনিও। এমনটাই জানা গিয়েছে চেন্নাই সূত্রে।

চেন্নাইয়ের মুখ্যকর্তা কাশী বিশ্বনাথন ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে শনিবার বলেছেন, “রবিবার থেকে আমাদের শিবির শুরু হয়ে যাচ্ছে। এমএসও শিবিরে যোগ দেবে। রবিবারের মধ্যেই ধোনি চেন্নাইয়ে এসে পড়বে।”

সূত্রের খবর, চেন্নাইয়ের হাই-পারফরম্যান্স কেন্দ্রে প্রস্তুতি শুরু করবে সুপার কিংস। ১৫ জন ভারতীয় ক্রিকেটার শিবিরে অংশ নেবেন। তবে বিশ্বকাপের দলে থাকা সঞ্জু স্যামসন এবং শিবম দুবে দেরি করে শিবিরে যোগ দেবেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁদের যোগ দেওয়ার সম্ভাবনা। সদ্য রঞ্জি ফাইনাল খেলে ওঠা শ্রেয়স গোপালও কিছু দিন পর শিবিরে যোগ দেবেন।

বিদেশি ক্রিকেটার বা কোচেরা এখনই কেউ আসছেন। তাঁরা ৭ মার্চের পর শিবিরে যোগ দিতে পারেন। আপাতত সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম এবং রাজীব কুমারের প্রশিক্ষণে শিবির চলবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে কবে এবং কী ভাবে বিদেশি ক্রিকেটারেরা আসবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিন পরিস্থিতি কী রকম থাকে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দিনই প্রকাশ্যে এসেছে পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাইয়ের নতুন জার্সি। সকাল ৭.০৭ মিনিটে সমাজমাধ্যমের একটি পোস্টে নতুন জার্সির উন্মোচন হয়। ৭ সংখ্যার সঙ্গে ধোনির যোগাযোগের কথা সকলেরই জানা। ভিডিয়োয় চেন্নাই শিবিরে ধোনির যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। মূল জার্সির রং হলুদ থাকলেও, ছোটখাটো কিছু বদল আনা হয়েছে। আগে সেনাবাহিনীর পোশাকের রং থাকত জার্সির কাঁধে। তা এ বার জার্সির সামনে থাকবে।

গত বারের আইপিএলে হতাশাজনক গিয়েছিল চেন্নাইয়ের কাছে। ১৪টি ম্যাচের মধ্যে তারা হেরেছিল ১০টি ম্যাচে। এ বার তারা রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারেনকে বিক্রি করে দিয়েছে। সঞ্জু স্যামসনকে কিনেছে রাজস্থান থেকে। পাশাপাশি প্রশান্ত বীর এবং কার্তিক শর্মার মতো দুই তরুণ ক্রিকেটারকে দাম দিয়ে কিনেছে আইপিএল থেকে।

MS Dhoni IPL 2026 Ruturaj Gaikwad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy