প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ২০২৪ সালে ৫৪ বছরের প্রাক্তন ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। সে সময় ঠাণের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার কাম্বলির বন্ধু মার্কাস কাউটো জানান, তিনি সেরে উঠছেন, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন। কাম্বলির মস্তিষ্কে এখনও রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ব্রেন স্ট্রোকের ঝুঁকি রয়েছে।
একটি প্রতিবেদনে মার্কাস বলেন, “আমি কাম্বলির বন্ধুদের যাঁদের মধ্যে বেশিরভাগই ক্রিকেটার, তাঁদের নিয়ে একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। তাঁরা আর্থিক ভাবে প্রচুর সাহায্য করছেন। কাম্বলির স্মৃতিশক্তি ক্রমশ কমে যাচ্ছে, তবে গত ছ’মাসে খুব একটা অবনতি হয়েনি। তিনি অনেক কিছুই মনে রাখতে পারছেন না। কিন্তু কোনও বিষয় যদি তাঁর মাথায় থেকে যায়, সেটা তখন মনে করতে পারেন। না হলে পরিস্থিতি তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়ায়।” তাঁর সংযোজন, “কাম্বলির মস্তিষ্কে একটি রক্ত জমাট বেঁধেছে। এখন সেটার অস্ত্রোপচার করা সম্ভব নয় কারণ তিনি আগের থেকে কোনও সতর্কতা অবলম্বন করেননি। চিকিৎসকেরা জানিয়েছেন, ওঁর ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজের ইচ্ছাশক্তির জোরে কাম্বলি যতটা সম্ভব লড়াই চালিয়ে যাচ্ছেন।”
আরও পড়ুন:
কাম্বলির শারীরিক অবস্থা প্রসঙ্গে বিখ্যাত নিউরোসার্জন আদিল চাগলা বলেন, “পরবর্তী ধাপ হতে পারে ব্রেন স্ট্রোক। কাম্বলি মদ্যপান ছেড়ে দিয়েছেন, কিন্তু মাঝেমঝ্যে পথচারীদের কাছে ধূমপানের জন্য সাহায্য চান। তিনি অটো চালকদের কাছ থেকে সিগারেট চান, আর তাঁরাও ‘বিনোদ কাম্বলি’-কে সাহায্য করছেন ভেবে আনন্দে দিয়ে দেন। কিন্তু তাঁরা বুঝতে পারেন না, এর ফলে কাম্বলির কী মারাত্মক ক্ষতি হচ্ছে। ওঁর শরীরের ক্ষতি এখন আর হৃদ্পিণ্ড, লিভার বা কিডনিতে আটকে নেই। ক্ষতিটা হচ্ছে মস্তিষ্কে। এর ফলে তাঁর শারীরিক ভারসাম্য নষ্ট হচ্ছে।”
ভারতের হয়ে ন’বছর ক্রিকেট খেলেছেন কাম্বলি। ১৭টি টেস্টে ১০৮৪ ও ১০৪টি এক দিনের ম্যাচে ২৪৭৭ রান করেছেন তিনি। টেস্টে চারটি ও এক দিনের ক্রিকেটে দু’টি শতরান রয়েছে তাঁর। প্রখম শ্রেণির ক্রিকেটে ১২৯টি ম্যাচে ৯৯৬৫ রান রয়েছে এই বাঁহাতি ব্যাটারের। ৩৫টি শতরান করেছেন তিনি। মার্কাস এবং কাম্বলি একসঙ্গে ক্রিকেট খেলেছেন। এক সময় আম্পায়ারিংও করেছেন মার্কাস। এক সময় ভারতের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার বলা হত কাম্বলিকে। কিন্তু উচ্ছৃঙ্খল জীবন ক্রমশ ক্রিকেট থেকে দূরে নিয়ে গিয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনেও বার বার বিতর্কে জড়িয়েছেন কাম্বলি।