Advertisement
E-Paper

বেঙ্গালুরুকে হারালেই লিগে দু’নম্বরে ওঠার সুযোগ, তবে এক পয়েন্ট পেলেও আকাশ ভেঙে পড়বে না, বললেন ইস্টবেঙ্গল কোচ

মহমেডানের পর চেন্নাইয়িন। আইএসএলে পর পর দু’টি ম্যাচ জিতে আবার ভাল জায়গায় ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারাতে পারলে তারা উঠে যাবে দুইয়ে। তবু ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো বলে দিলেন, এক পয়েন্টেও তিনি খুশি হবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২২:৫৮
football

ইস্টবেঙ্গলের অনুশীলনের মুহূর্ত। ছবি: সংগৃহীত।

মহমেডানের পর চেন্নাইয়িন। আইএসএলে পর পর দু’টি ম্যাচ জিতে আবার ভাল জায়গায় ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারাতে পারলে তারা উঠে যাবে দুইয়ে। শুধু তাই নয়, চ্যালেঞ্জ জানাতে পারবে শীর্ষে থাকা মুম্বই সিটিকেও। সেই ম্যাচের আগেই ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো বলে দিলেন, তিন পয়েন্ট পেলে ভাল। কিন্তু এক পয়েন্টেও তিনি খুশি হবেন।

যুবভারতীতে বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার আগে লাল-হলুদ ব্রিগেডের আত্মবিশ্বাস তুঙ্গে। বুধবার বিকেলে নববর্ষের দিনে অনুশীলনে ইস্টবেঙ্গল ফুটবলারদের শারীরিক ভাষায় আত্মবিশ্বাস ধরা পড়েছে। এ দিন সাংবাদিক বৈঠকে অস্কার বলেছেন, “আমরা ভালই এগোচ্ছি আইএসএলে। এমন একটা দল হিসাবে খেলছি যারা বেশি গোল করেছে কিন্তু খেয়েছে কম। রক্ষণের ফুটবলারদের চোট সমস্যা থাকা সত্ত্বেও তিনটে ম্যাচে গোল খাইনি। শেষ দুটো ম্যাচে ১০ গোল করেছি। এ বার সামনে বেঙ্গালুরুর মতো কঠিন দল। ওরা গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হেরেছে। নতুন কোচও এসেছে। তাই বাড়তি উদ্যম নিয়েই ঝাঁপাবে।”

অস্কারের সংযোজন, “বেঙ্গালুরুকে হারিয়ে টানা তিনটে ম্যাচ জেতার সুযোগ রয়েছে। জিতলে খুবই ভাল। তবে এক পয়েন্ট পেলেও আকাশ ভেঙে পড়বে না আমাদের মাথায়। পরের ম্যাচে ওড়িশাকেও হারাতে চাই। যতটা সম্ভব পয়েন্ট পেতে পেতে এগোতে চাই। সব ফুটবলারকে বলেছি মাথা ঠান্ডা রাখতে। এখন শুধু বেঙ্গালুরু ম্যাচে মনোযোগ দিতে চাই। এক-একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।”

Advertisement

বেঙ্গালুরু প্রতিপক্ষ হলেই সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা অঙ্ক থাকে সব দলের। ইস্টবেঙ্গলের কি কোনও আলাদা পরিকল্পনা রয়েছে সুনীলকে আটকানোর? অস্কারের উত্তর, “আমার দলের মিগুয়েল, সাউলরাও রয়েছে। নিজের দলের ফুটবলারদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। সুনীল নিঃসন্দেহে বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ ফুটবলার। ও যে ম্যাচের রং একমুহূর্তে বদলে দিতে পারে সেটা আমরা জানি।” সেই সঙ্গে কটাক্ষও ছুড়ে দিয়েছেন বিপক্ষের অধিনায়কের প্রতি। অস্কার বলেছেন, “আগের ম্যাচে কিছুই করতে পারিনি। তবু বক্সের মধ্যে শরীরটাকে কাজে লাগিয়ে এমন একটা ভঙ্গি করে পড়ে গিয়ে রেফারির থেকে ফাউল এবং পেনাল্টি আদায় করে নিয়েছিল, যা আমাদের অবাক করেছে। ওকে তো গুরুত্ব দিতেই হবে।’”

চেন্নাইয়িন এফসি ম্যাচে ইস্টবেঙ্গল জিতলেও গোটা ম্যাচে চেনা ছন্দে পাওয়া যায়নি। এর কারণ ব্যাখ্যা করে অস্কার বলেছেন, “আসলে গোল করে এগিয়ে যাওয়ার পর যে চাপটা বজায় রাখার দরকার ছিল, সেটা পারেনি ফুটবলাররা। তাতেই গোল শোধের সুযোগ পেয়ে গিয়েছিল প্রতিপক্ষ। তবে গোলটা হজম করে ফুটবলারের মনোযোগ ফেরে।”

চলতি মরসুমে রেফারিং নিয়ে বেশ খুশি অস্কার। আগের বারের মতো প্রতিটি ম্যাচের পর প্রতিবাদ জানাচ্ছেন না। তবে এ বার ফেডারেশনের একটি সিদ্ধান্তে তিনি অখুশি। যে ভাবে বেঙ্গালুরুর ব্রায়ান স্যাঞ্চেজ়ের শাস্তি প্রত্যাহার করা হল তাতে খুশি নন তিনি। বলেছেন, “এ বার রেফারিংয়ে মান বেশ ভাল গত বারের তুলনায়। অবাক হয়েছি ওদের ফুটবলার স্যাঞ্চেজের লাল কার্ডের নির্বাসনের শাস্তি প্রত্যাহার করায়। তবু বলব, একটা সিদ্ধান্ত নেওয়ার পর ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচের আগে সেটা প্রত্যাহার করে নেওয়াটা কি ঠিক?‌ স্যাঞ্চেজ় খেলবে না ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছিলাম। এখন জেনেছি ওর শাস্তি মকুব হয়ে গেছে। এই ধরনের ঘটনা বার বার হলে খেলার মাঠে শৃঙ্খলা বজায় থাকবে না। এটা পেশাদারিত্বে অভাব।”

East Bengal Oscar Bruzon ISL 2026 Bengaluru FC Sunil Chhetri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy