ফুটবল বিশ্বকাপের দলে নেমার থাকবেন কি না তা নিয়ে রোজই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। কোচ কার্লো আনচেলোত্তি তাঁকে ফিটনেসের উন্নতি করার কথা আগেই বলে দিয়েছিলেন। নেমারের নির্বাচন এ বার ঢুকে পড়ল রাজনীতির অন্দরমহলেও। এক আলাপচারিতায় ব্রাজ়িলের প্রেসিডেন্টকেই আনচেলোত্তি জিজ্ঞাসা করে বসলেন যে নেমারকে দলে নেওয়া উচিত কি না।
সম্প্রতি ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিয়ো লুলা দা সিলভার এক মন্তব্যে বিষয়টি প্রকাশ্যে এসেছে। লুলা বলেছেন, “আনচেলোত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘নেমারকে কি দলে নেওয়া উচিত’? আমি বললাম, ‘দেখুন যদি শারীরিক ভাবে ফিট থাকে তা হলে ভাল খেলার ক্ষমতা ওর রয়েছে। আমি জানতে চাই নেমার নিজে খেলতে চায় কি না’।”
ব্রাজ়িলের প্রেসিডেন্টের সাফ বার্তা, শুধু জনপ্রিয়তা দেখে দল নির্বাচন করলে চলবে না। লুলা বলেছেন, “নেমার খেলতে চাইলে পেশাদারের মতো আচরণ করতে হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসির থেকে অনুপ্রেরণা নিতে হবে। জাতীয় দলে জায়গা করে নিতে হবে। এখনও খুব বেশি বয়স হয়নি। কিন্তু এটা যেন না ভাবে যে, নামের জোরে দলে জায়গা পাবে। সেটা অর্জন করতে হবে।”
আরও পড়ুন:
এ দিকে, বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তবে এ বারের শুধু নয়, তিনি চার বছর পরেও বিশ্বকাপ খেলতে চান! ৪১ বছরের রোনাল্ডো বলেছেন, “২০৩০ বিশ্বকাপ খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। যদি ৪১ বছরেও প্রতি সপ্তাহে গোল করতে পারি, তা হলে আরও চার বছর খেলা সম্ভব।”