২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিত শর্মা অবসর নেওয়ার পর সকলে ভেবেছিলেন হার্দিক পাণ্ড্য ছোট ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক হবেন। কারণ, ২০২২ ও ২০২৩ সালে রোহিতের অনুপস্থিতিতে তিনিই অধিনায়কত্ব করেছিলেন। তত দিনে আইপিএলেও রোহিতকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সকলকে অবাক করে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। এই সিদ্ধান্তের নেপথ্য কাহিনি ফাঁস করলেন সূর্য নিজেই।
কয়েক দিন আগে সূর্যের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। পর পর দু’বার ছোট ফরম্যাটে বিশ্বসেরা হয়েছে তারা। সূর্য অধিনায়ক হওয়ার পর একটিও টি-টোয়েন্টি সিরিজ় হারেনি ভারত। অথচ সূর্য নিজেই প্রথম বার অধিনায়ক হবেন শুনে অবাক হয়ে গিয়েছিলেন।
সংবাদসংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে সূর্য বলেন, “বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর ছিল। আমরা জানতাম অধিনায়ক বদলাবে। সিরিজ়ের কয়েক দিন আগে জয় ভাই ফোন করেন। উনি তখন বোর্ডের সচিব। আমি ভেবেছিলাম সিরিজ় নিয়ে কিছু একটা বলবেন।”
সেই সময় জয়ের মুখেই অধিনায়ক হওয়ার কথা শুনেছিলেন সূর্য। তিনি বলেন, “জয় ভাই বললেন, আমি দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। আমার হাতেই দলের দায়িত্ব দেওয়া হবে। জয় ভাই বললেও আমি নিশ্চিত, রোহিত ভাই আর অজিত ভাই আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিল।”
আরও পড়ুন:
এই সিদ্ধান্তের নেপথ্যে রাহুল দ্রাবিড়ের ভূমিকা ছিল বলেও জানিয়েছেন সূর্য। তিনি বলেন, “গৌতি ভাই তো পরে কোচ হয়েছিল। রাহুল স্যরের সঙ্গে জয় ভাইয়ের আলোচনা হয়েছিল। রাহুল স্যর দায়িত্ব ছাড়লেও নিশ্চয়ই নিজের মতামত দিয়েছিলেন। সেই মতামত মেনেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।”
হার্দিককে শুধু অধিনায়ক করা হয়নি তা নয়, সহ-অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। নতুন সহ-অধিনায়ক হন অক্ষর পটেল। তার পর থেকে সূর্য-অক্ষর যুগলবন্দিতে একের পর এক সিরিজ় জিতছে ভারত। ভারতীয় বোর্ড যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।
অভিজ্ঞতা বনাম আবেগ
পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু দু’বার ছবিটা আলাদা। ২০২৪ সালে অভিজ্ঞ ক্রিকেটার বেশি ছিলেন দলে। ২০২৬ সালে দলে তরুণ ক্রিকেটারের আধিক্য বেশি রয়েছে। দুই দলের তফাত জানিয়েছেন সূর্য। তিনি বলেন, “দুটো দলে ছোট তফাত আছে। ওটা ছিল অভিজ্ঞদের দল। এ বারের দলের রক্ত ছিল গরম। ২০২৪ সালে প্রত্যেকের ভূমিকা নির্দিষ্ট ছিল। এ বার বেশির ভাগ ২৫ থেকে ২৭ বছরের ক্রিকেটার। ফলে আবেগ ছিল বেশি। কিন্তু একটা মিল রয়েছে। দুটো দলই চ্যাম্পিয়ন দল।”
অর্শদীপকে পরামর্শ সূর্যের
বিশ্বকাপ ফাইনালে অর্শদীপ সিংহের ছোড়া বল নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেলের পায়ে লাগে। এই ঘটনায় খুশি হতে পারেননি মিচেল। সঙ্গে সঙ্গে মিচেলের কাছে গিয়ে ক্ষমা চান সূর্য। পরে অর্শদীপকেও কিছু বলেছিলেন তিনি। সেই কথাও ফাঁস করেছেন সূর্য।
ভারত অধিনায়ক বলেন, “খেলার মাঝে অনেক সময় মাথা গরম করে এই ধরনের ঘটনা ঘটে যায়। তখন বোঝা যায় না। পরে মনে হয়, ঠিক করিনি। সেই কথাটাই অর্শদীপকে বুঝিয়েছিলাম। ও বুঝেছিল। পরে মিচেলের সঙ্গে কথা বলেছিল। কিন্তু সেই সময় আমার মনে হয়েছিল, অধিনায়ক হিসাবে হস্তক্ষেপ করা উচিত। মিচেলকে বলেছিলাম, ও ইচ্ছা করে বল ছুড়লে আমি দুঃখিত। যদি ইচ্ছা করে না ছোড়ে তা-ও আমি দুঃখিত।”
স্ত্রীর কথায় ভারতীয় দলে ঢোকার লড়াই
স্ত্রী দেবিশার কথায় ভারতীয় দলে ঢোকার লড়াই শুরু করেছিলেন সূর্যকুমার। সেই কথাও জানিয়েছেন তিনি। সূর্য বলেন, “২০১৬ সালে আমাদের বিয়ে হয়েছিল। সেই সময় আইপিএল খেলতাম। ২০১৮ সালে মুম্বই আমাকে কেনে। এক দিন দেবিশা বলে, ‘তোমার বয়সি অনেকে তো ভারতের হয়ে খেলছে। তোমার কী পরিকল্পনা?’ ওকে বলেছিলাম, আমিও ভারতের হয়ে খেলতে চাই। ও জিজ্ঞাসা করেছিল, ‘কী ভাবে খেলবে?’ তার পরেই ঠিক করে ফেলেছিলাম, আরও ভাল খেলতে হবে। আরও পরিশ্রম করতে হবে। সেটা করেছি। দেবিশার সঙ্গে ওই দিন কথা না হলে হয়তো ভারতীয় দলে খেলতেই পারতাম না।”