আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার সব ক’টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন কেবল মহিলা আম্পায়ারেরাই। এমনকি ম্যাচ রেফারিও হবেন মহিলারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি।
এই নিয়ে আইসিসি-র কোনও প্রতিযোগিতায় টানা চতুর্থ বার ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকছে শুধুই মহিলাদের হাতে। ২০২৩, ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে মহিলারা ম্যাচ পরিচালনা করবেন। এ ছাড়া ২০২৫ এক দিনের বিশ্বকাপেও মহিলারাই দায়িত্বে ছিলেন।
আইসিসি জানিয়েছে, আরও বেশি মহিলা যাতে এই পেশায় আসতে উৎসাহিত হন এবং মহিলাদের ক্রিকেটের যাতে সার্বিক ব্যাপ্তি হয়, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার জন ভারতীয়ের নাম রয়েছে তালিকায়। তাঁদের মধ্যে তিন জন আম্পায়ার এবং একজন ম্যাচ রেফারি। প্রথম বার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন আম্পায়ার গায়ত্রী বেণুগোপালন। সঙ্গে থাকছেন বৃন্দা রাঠি এবং জনানী এন। ম্যাচ রেফারি হলেন জিএস লক্ষ্মী।
আরও পড়ুন:
বিশ্বকাপের ৩৩টি ম্যাচ পরিচালনার জন্য থাকছেন ১৪ জন আম্পায়ার এবং চার জন ম্যাচ রেফারি। অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসেক এঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। তিনি ষষ্ঠ বার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। তিনি ইতিমধ্যেই বিশ্বকাপের ২২টি ম্যাচ পরিচালনা করেছেন। ১৯টি করে ম্যাচ পরিচালনা করেছেন জ্যাকলিন উইলিয়ামস এবং কিম কটন।